ঢাকা, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী একান্ত সচিব আ ফ ম বাহাউদ্দিন নাছিম চাঁদাবাজির একটি মামলায় রোববার আত্মসমর্পণ করলে তাকে কারাগারে পাঠায় আদালত।
নাছিম দুপুরে ঢাকার মহানগর জজ আদালতে আত্মসমর্পণ করেন। মহানগর যুগ্ম জজ-৬ আদালতের বিচারক শফিউল আজম তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদালতে নাছিমের পক্ষে আইনজীবীরা জামিনের আবেদন করলেও মামলাটি জরুরি বিধিমালার আওতায় হওয়ায় এ আদালতের জামিনের আবেদন বিবেচনা করার এখতিয়ার নেই বলে জানান বিচারক।
পরে নাছিমকে আদালত থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়।
আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাছিমের বিরুদ্ধে চাঁদাবাজির এ মামলাটি করেছেন কুমিল্লার দেবিদ্বার আসনে ২০০৭ সালের বাতিল হওয়া সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ব্যবসায়ী রওশন আলী মাস্টার।
২০০৭ সালের ১ আগস্ট রাজধানীর শ্যামপুর থানায় দায়ের করা এ মামলায় নাছিমের বিরুদ্ধে ২৫ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগ আনা হয়।
এতে বলা হয়, সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাইয়ে দেওয়ার বিনিময়ে নাছিম বাদির কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন। ২০০৬ সালের মাঝামাঝিতে বাদি নাছিমকে দুই কিস্তিতে ২৫ লাখ টাকা চাঁদা দেন।
মামলাটির বিচার প্রক্রিয়া চলা অবস্থায়ই নাছিম আত্মসমর্পণ করলেন বলে জানিয়েছেন তার আইনজীবী নজিবুল্লাহ হিরু।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রোববার মামলার তিন জন সাক্ষী আদালতে উপস্থিত ছিলেন। তবে এদিন সাক্ষ্য নেওয়া হয়নি।"
নাছিমের বিরুদ্ধে আরও কয়েকটি মামলা রয়েছে। ২০০৭ সালে জরুরি অবস্থা জারির পর থেকেই তিনি আত্মগোপন করে ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমআই/জিএনএ/১৪০০ ঘ.
bdnews24