ঢাকা, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা শনিবার ছবিসহ জাতীয় পরিচয় হাতে পেয়েছেন।
হাসিনার ব্যক্তিগত তথ্য সচিব আবুল কালাম আজাদ সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নির্বাচন কমিশনের প্রতিনিধিরা বিকেল ৪টার দিকে সুধা সদনে আসেন। তারা শেখ হাসিনার জাতীয় পরিচয়পত্র দিয়ে গেছেন।"
জেলা নির্বাচন কর্মকর্তা ফয়সাল কাদের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, 'ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন ও জাতীয় পরিচয়পত্র প্রদান' প্রকল্পের উপ পরিচালক আনিস মাহামুদ শনিবার সুধা সদনে গিয়ে শেখ হাসিনার হাতে জাতীয় পরিচয়পত্র তুলে দিয়েছেন।
কমিশন গত জুন মাসের শুরুতে বিশেষ কারাগারে গিয়ে শেখ হাসিনাকে ভোটার করে। গত ১১ জুন হাসিনা চিকিৎসার জন্য সাময়িক মুক্তি পান।
কমিশন সচিবালয়ের উপ সচিব মীর সারোয়ার মোর্শেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ভোটার হননি। ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচনে অংশ নিতে হলে তাকে মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ অর্থাৎ ২০ নভেম্বরের মধ্যে তালিকাভুক্ত হতে হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইএম/এমএইচসি/জেকে/২০৩০ ঘ.
bdnews24