ঢাকা, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির সাবেক মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়া জানিয়েছেন, তিনি নির্বাচন করবেন, তবে কোন প্রতীকে করবেন সে দিদ্ধান্ত এখনও নেননি।
শুক্রবার দুুপুরে নরসিংদীর শিবপুরে তেমহনী মোড়ে জনসংযোগের সময় তিনি এ কথা বলেন। অবিলম্বে জরুরি অবস্থা তুলে নিয়ে নির্বাচনের পরিবেশ তৈরি এবং উপজেলা নির্বাচনের তারিখ পেছানোরও দাবি জানান তিনি।
বিএনপি থেকে বহিস্কৃত এই নেতা বলেন, "আমি ৪০ বছর ধরে এলাকার মানুষের জন্য কাজ করে আসছি। তারা তিনবার আমাকে সাংসদ নির্বাচিত করেছে। আমি আগামী সংসদ নির্বাচনেও অংশ নেব। তবে এবার আমার দল নেই। কোন প্রতীকে নির্বাচন করব সে সিদ্ধান্ত এখনো নেইনি।"
সকালে ঢাকা থেকে সড়ক পথে শিবপুর পৌঁছানোর পর স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা মান্নান ভূঁইয়াকে স্বাগত জানায়। পরে তিনি মরজাল ও তেরমহনীর মোড়ে শিবপুর বিএনপির আহবায়ক আবুল হারিস রিকাবদার, সদস্য সচিব আরিফুল ইসলাম মৃধা, মরজাল ইউনিয়ন বিএনপির রিয়াজ রহমানসহ স্থনীয় যুবদল, কৃষকদল, মহিলা দল ও ছাত্রদল নেতাদের দুটি সমাবেশে বক্তব্য রাখেন।
তেমহনী মোড়ের জনসভায় মান্নান ভূঁইয়া বলেন, "গণতন্ত্র ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। এ দেশের উন্নয়নকে এগিয়ে নিতে হলে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। জরুরি অবস্থার মধ্যে নির্বাচন সুষ্ঠু হয় না। মানুষ ভীতির মধ্যে থাকে। সুষ্ঠু নির্বাচনের জন্যই এটা দ্রুত তুলে নিতে হবে।"
কৃষি উপকরণ এবং সার-বীজ-কীটনাশকের দাম কমিয়ে কৃষি অর্থনীতিকে গতিশীল করারও দাবি জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/১৭১২ ঘ.
bdnews24