ঢাকা, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে অস্থায়ী ভিত্তিতে সাত জন বিচারপতি বুধবার নিয়োগ দেওয়া হয়েছে।
এরা হলেন- ডেপুটি অ্যাটর্নি জেনারেল দেলোয়ার হোসেন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দা আখতার জাহান, অ্যাডভোকেট আব্দুল হাকিম, অ্যাডভোকেট বোরহানউদ্দিন, ব্যারিস্টার কামাল উল আলম, রংপুরের জেলা ও দায়রা জজ আব্দুস সামাদ এবং ঢাকা মহানগর দায়রা জজ আজিজুল হক।
সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের পরামর্শ অনুযায়ী অস্থায়ী ভিত্তিতে তাদের নিয়োগ দেওয়া হয়।
রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ সংবিধানের ৯৮ অনুচ্ছেদ অনুযায়ী এ নিয়োগ দেন। এর পরপরই তাদের নিয়োগ আদেশ জারি করে আইন মন্ত্রণালয়।
আইন মন্ত্রণালয়ের নিয়োগ আদেশে বলা হয়, "সাত বিচারপতিকে দুই বছরের জন্য অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছে।"
বৃহস্পতিবার প্রধান বিচারপতি এমএম রুহুল আমিন এই সাত বিচারপতিকে শপথ করাবেন। শপথ গ্রহণের দিন থেকে তাদের এ নিয়োগ কার্যকর হবে।
হাইকোর্টে বিচারক সঙ্কট নিরসনে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল মোট ১৪ জনের নাম প্রস্তাব করে। এর মধ্য থেকে এই সাত জনের নাম রাষ্ট্রপতি অনুমোদন করলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এমকে/এফএফ/এএল/এমআই/১৪৩০ ঘ.
bdnews24