ঢাকা, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আসন্ন সংসদ নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার যুবলীগ নেতাদের তিনি এ আশঙ্কার কথা জানান বলে জানিয়েছেন হাসিনার উপতথ্যসচিব মাহবুবুল হক শাকিল।
সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুবলীগ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির নানক ও সাধারণ সম্পাদক মির্জা আজমের নেতৃত্বে নেতা-কর্মীরা সুধাসদনে গিয়ে শেখ হাসিনার সঙ্গে দেখা করেন।
যুবলীগ নেতাদের সঙ্গে হাসিনার বৈঠকের পর মাহবুবুল হক শাকিল সাংবাদিকদের বলেন, "নেত্রী (হাসিনা) বলেছেন, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে। তাই শত উস্কানির মধ্যেও আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের নেতা-কর্মী-সমর্থকদের শান্ত থাকতে হবে।"
শাকিল বলেন, "তিনি (হাসিনা) বলেছেন, নির্বাচনে জিতে আওয়ামী লীগ ক্ষমতায় গেলে যুব সমাজকে বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি দেওয়া হবে। আমি আশাবাদী নির্বাচনের পর যুবসমাজ দেশের কল্যাণে এগিয়ে আসবে।"
বিভিন্ন সময়ে অত্যাচার-নির্যাতন উপেক্ষা করে সংগঠনকে সক্রিয় রাখার জন্য যুবলীগ কর্মীদের শেখ হাসিনা অভিনন্দন জানিয়েছেন বলেও শাকিল বলেন।
৩৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে বঙ্গবন্ধু ভবনে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় যুবলীগ। এরপর তারা সুধা সদনে গিয়ে শেখ হাসিনার সঙ্গে দেখা করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/জিএনএ/১২৪১ ঘ.
bdnews24