প্রদীপ চৌধুরী ও লিটন হায়দার
ঢাকা, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বড় পুকুরিয়া খনি দুর্নীতি মামলায় বিএনপি নেতা ও সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমান, জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী এবং সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে কারাগারে পাঠিয়েছে আদালত।
সোমবার বিচারক তাদের তিন জনকেই কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে তাদের ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়।
নিজামী চলতি বছরই গ্যাটকো মামলায় গ্রেপ্তার হয়ে একবার কারাগারে গিয়েছিলেন। তবে এই সময়কালে সাইফুর ও মুজাহিদের কারাগারে যাওয়া এই প্রথম। এ মামলায় গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েই মুজাহিদ সরকারের সঙ্গে সংলাপে অংশ নেন, যা বিতর্কের ঝড় তোলে।
এদিকে শীর্ষ দুই নেতার আত্মসমর্পণের খবরে বিপুল সংখ্যক জামায়াত নেতা-কর্মী এদিন সংসদ ভবন এলাকায় জড়ো হয়। সংসদ ভবনের বিশেষ আদালত নিজামী ও মুজাহিদকে কারাগারে পাঠানোর নির্দেশ দিলে নেতা-কর্মীরা রাস্তা আটকে প্রতিবাদ সমাবেশ করে। ফলে সোমবার দুপুরে রাজধানীর খামারবাড়ি-বিজয় সরণী সংযোগ সড়কে কয়েক ঘণ্টা গাড়ি চলাচল বন্ধ থাকে।
একই মামলায় রোববার সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা একেএম মোশাররফ হোসেনকেও কারাগারে পাঠায় আদালত।
দুর্নীতি দমন কমিশনের দায়ের করা এ মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তার মন্ত্রিসভার ১০ মন্ত্রীসহ মোট ১৬ জন আসামি। তবে খালেদা জিয়া উচ্চ আদালতের আদেশে ছাড়া পান। তার বিরুদ্ধে মামলার কার্যক্রমেও স্থগিতাদেশ রয়েছে।
সোমবার সকাল ১০টার দিকে নিজামী আদালতে আসেন। এর ১৫ মিনিট পর মুজাহিদ এবং সাড়ে ১১টায় সাইফুর হাজির হন। বিশেষ জজ আদালত-২ এর বিচারক একে রায় আদালতে শুনানি শুরু হয় বেলা সাড়ে ১২টায়।
এজলাসে আসন গ্রহণের পর বিচারক আইনজীবীদের চেয়ারে বসে থাকা নিজামী ও মুজাহিদের দৃষ্টি আকর্ষণ করে তাদের আসামির কাঠগড়ায় গিয়ে দাঁড়াতে বলেন। বিচারকের এ নির্দেশে কিছুটা হতভম্ব হয়েই তারা দুজনে কাঠগড়ায় দাঁড়ান। তবে অন্য আসামি সাইফুর রহমান অসুস্থ থাকায় তিনি হুইল চেয়ারেই বসে থাকেন।
এরপর সাইফুর, নিজামী ও মুজাহিদের আইনজীবীরা আদালতে দুটি করে মোট ছয়টি আবেদন দাখিল করেন। এতে আসামিদের জামিন বহাল ও মামলার শুনানি মুলতবি রাখার আবেদন করা হয়।
সাইফুর রহমানের কৌঁসুলী ব্যারিস্টার রেহান আদালতে বলেন, এ মামলায় হাইকোর্টের একটি বেঞ্চ খালেদা জিয়া, আবদুল মান্নান ভূঁইয়া, এমকে আনোয়ার, ড. খন্দকার মোশাররফ হোসেন ও এম শামসুল ইসলামকে জামিন দিয়েছে। মঙ্গলবার হাইকোর্টে এই মামলার শুনানি হওয়ার কথা রয়েছে। এ অবস্থায় তার (সাইফুর) জামিন বহাল রাখা হোক।
তখন বিচারক জানতে চান, "আসামি সাইফুর রহমান জামিনে আছেন কি না? যদি না থাকে তাহলে জামিনের প্রশ্ন আসছে কেন?"
জবাবে রেহান বলেন, "না, জামিনে নেই। তবে মামলাটি স্থগিতে হাইকোর্টে আবেদন করা হয়েছে।"
নিজামী ও মুজাহিদের পক্ষে ব্যারিস্টার আব্দুর রাজ্জাক বলেন, মতিউর রহমান নিজামী ও আলী আহসান মুজাহিদের পক্ষে হাইকোর্টে মামলাটি বাতিলের জন্য আবেদন করা হয়েছে। কয়েক দফা শুনানিও হয়েছে। মঙ্গলবার আবার শুনানির জন্য দিন ধার্য রয়েছে।
তিনি বলেন, "এই অবস্থায় আমরা এখানে হাজির হয়ে আসামিদের জামিন বহাল ও পূর্বাবস্থায় রাখার আবেদনের পাশাপাশি শুনানিও মুলতবি করার আবেদন জানাচ্ছি।"
আসামি পক্ষের আইনজীবীদের আবেদনের বিরোধিতা করে রাষ্ট্রপক্ষের কৌঁসুলী মোশাররফ হোসেন কাজল বলেন, "তিন আসামির কেউই জামিনে নেই। এর মধ্যে আলী আহসান মুজাহিদকে ৩ নভেম্বরের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। কিন্তু তিনি তা না করে আইন অমান্য করেছেন।"
অ্যাডভোকেট কাজল আরও বলেন, "এ মামলার অভিযোগপত্র দাখিলের আগ পর্যন্ত নিজামীকে আটক বা হয়রানি না করতে হাইকোর্ট নির্দেশ দিয়েছিল। কিন্তু অভিযোগপত্র দাখিলের পর তিনি আটক না জামিনে আছেন- সে বিষয়ে আদালত বা আমরা কিছুই জানি না। অথচ তার আইনজীবী দাবি করছেন, আসামিরা জামিনে আছেন। এটা সঠিক নয়; যেখানে জামিনই নেই, সেখানে জামিন বহাল রাখার সুযোগও নেই।"
রাষ্ট্রপক্ষের কৌঁসুলী বলেন, আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ গুরুতর। এই অবস্থায় জামিন দিলে মামলার ক্ষতিও হতে পারে। তাছাড়া জরুরি ক্ষমতা অধ্যাদেশ অনুযায়ী, তাদের জামিন চাওয়ার অধিকারও নেই। তাই অবিলম্বে তাদের কারাগারে পাঠানো হোক।
দুই পক্ষের শুনানি শেষে দুপুর ২টায় বিচারক আসামি পক্ষের আবেদনগুলো খারিজ করে দেন। একই সঙ্গে তিনি সাইফুর, নিজামী ও মুজাহিদকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন তিনি।
বিচারক একে রায় আগামী ১২ নভেম্বর মামলাটির পরবর্তী শুনানির দিনও ধার্য করেছেন।
আদালতের আদেশের পর কাঠগড়ায় দাঁড়িয়েই সাবেক শিল্পমন্ত্রী নিজামী সাংবাদিকদের বলেন, "ক্রয় কমিটির (মন্ত্রিপরিষদের) সদস্য হওয়ার কারণে যদি আসামি হতে হয়; তাহলে ভবিষ্যতে কোনও ক্রয় কমিটিও হবে না, কেউ এর সদস্যও হবে না।"
নিজামীকে গ্যাটকো মামলায় গত ১৮ মে গ্রেপ্তার করা হয়। ১৫ জুলাই ছাড়া পান তিনি।
আদালতের কার্যক্রম শেষে একটি প্রিজন ভ্যান সাইফুর, নিজামী ও মুজাহিদকে নিয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারের উদ্দেশে রওনা হয়। বেলা সোয়া ৩টার দিকে তাদের তিন জনকে কারাগারে ঢোকানো হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন উপমহা কারা-পরিদর্শক মেজর সামসুল হায়দার ছিদ্দিকী।
গত ৪ ও ৫ নভেম্বর বিচারপতি মো. মোজাম্মেল হোসেন ও আফজাল হোসেন আহমেদের হাইকোর্ট বেঞ্চ সাইফুর, নিজামী ও মুজাহিদকে ১০ নভেম্বরের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দেয়।
মুজাহিদ এর আগে ১৯ অক্টোবর জামিনের আবেদন নিয়ে হাইকোর্টে গেলে তখনও জামিন না দিয়ে তাকে ৩ নভেম্বরের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিল।
শীর্ষ দুই নেতার আদালতে হাজির হওয়ার খবরে সোমবার সকাল ৯টা থেকেই সংসদ ভবনের পূর্ব প্রান্তে জড়ো হয় জামায়াত নেতা-কর্মীরা। ওই সড়কে অবস্থান নিয়ে রাস্তার এক পাশে গাড়ি চলাচল বন্ধ করে দেয় তারা। দুপুরে তারা পুরো রাস্তায় গাড়ি চলাচল বন্ধ করে দিয়ে সংসদ ভবনের পূর্ব দিকের প্রবেশ মুখে সমাবেশ করে।
সমাবেশে জামায়াতের কেন্দ্রীয় নেতা দেলাওয়ার হোসেন সাঈদী বলেন, তারা আদালতের কাছে সুবিচার পাননি।
তিনি বলেন, "আমাদের নেতাদের জেলে পুরে সরকার সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরির ক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিচ্ছে।"
জামায়াত নেতারা চারদলীয় জোট নেতা-কর্মীদের অবিলম্বে মুক্তি এবং সাত দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানান।
বেলা সোয়া ৩টায় সমাবেশ শেষ হলে ওই সড়কে গাড়ি চলাচল পুনরায় শুরু হয়। এদিন সংসদ ভবন এলাকায় নিরাপত্তা ছিল জোরদার। জলকামান নিয়ে পুলিশের অবস্থানের পাশাপাশি বিডিআরও মোতায়েন করা হয়।
নিজামী ও মুজাহিদকে কারাগারে পাঠানোর প্রতিবাদে সিলেট, পাবনা, রংপুর, বান্দরবান, সুনামগঞ্জ ও কুষ্টিয়ায়ও জামায়াত নেতা-কর্মীরা বিক্ষোভ করেছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর প্রতিনিধিরা জানিয়েছেন।
বড়পুকুরিয়া দুর্নীতি মামলাটি দায়ের করা হয় গত ২৬ ফেব্র"য়ারি। গত ৫ অক্টোবর মামলার অভিযোগপত্র দাখিল করে দুর্নীতি দমন কমিশন।
তাতে বলা হয়, চীনা প্রতিষ্ঠান কনসোর্টিয়াম অফ চায়না ন্যাশনাল মেশিনারি ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট করপোরেশনের (সিএমসি) সঙ্গে বড় পুকুরিয়া কয়লা খনির উৎপাদন, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণ চুক্তি করায় সরকারের প্রায় ১৫৮ কোটি ৭১ লাখ টাকা ক্ষতি হয়েছে।
গত ৬ অক্টোবর আদালত মুজাহিদসহ মামলার নয় আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেয়। কিন্তু পুলিশ মুজাহিদকে গ্রেপ্তার করতে ব্যর্থ হয়। যদিও ওই সময়ে মুজাহিদকে সরকারের সঙ্গে সংলাপসহ দলীয় বিভিন্ন কর্মসূচিতে দেখা যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এলএইচ/এমআই/১৮৫০ ঘ.
bdnews24