ঢাকা, নভেম্বর (বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম)-- জোটবদ্ধভাবে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ। কোন দল কোথায়, কয়টা আসন পাবে তা চূড়ান্ত করা হবে মনোনয়নপত্র দাখিল কিংবা তা প্রত্যাহারের দিন।
আওয়ামী লীগের মুখপাত্র সৈয়দ আশরাফুল ইসলাম রোববার একথা জানিয়ে বলেছেন, "আমরা আপাতত জোটবদ্ধভাবে নির্বাচন করবো। মনোনয়নপত্র দাখিল বা প্রত্যাহারের দিন কোন দল কোথায়, কয়টা আসন পাবে তা চূড়ান্ত করা হবে।"
ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলের সংসদীয় বোর্ডের প্রথম বৈঠকের পর প্রেস বিফ্রিংয়ে সৈয়দ আশরাফ এ কথা বলেন।
সংসদীয় বোর্ডের বৈঠক বিকাল ছয়টায় শুরু হয়ে রাত পৌনে নয়টা পর্যন্ত চলে। সোমবার বিকাল পর্যন্ত বৈঠক মূলতবি করা হয়েছে।
বৈঠক শেষে প্রেস বিফ্রিংয়ের শুরুতেই আশরাফ বলেন, "কোনো প্রশ্ন নেওয়া হবে না।"
তিনি বলেন, "সিলেট বিভাগ নিয়ে আমাদের আলোচনা হয়েছে। এখনো কোনো আসন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আজকে (রোববার) তৃণমূলের মতামত নিয়ে আলোচনা হয়েছে।"
ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জানান, নির্বাচন কমিশন ২০ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন নির্ধারণ করায় ১৫ নভেম্বরের মধ্যে আওয়ামী লীগের মনোনয়ন চূড়ান্ত করা হবে।
আওয়ামী লীগ ১২ জন সচিব, ১৭ ডিসিসহ ২৭০ জন সরকারি কর্মকর্তার বিরুদ্ধে অনাস্থা জানিয়ে তালিকা দিয়েছে বলে একটি জাতীয় দৈনিকে যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে তার প্রতিবাদ জানিয়ে আশরাফ বলেন, "এই ঘটনা সত্যি নয়। এ ধরণের কোনো তালিকা আমরা দিইনি। আমরা এ ধরণের কোনো তালিকায় বিশ্বাস করি না। এ তথ্য মিথ্যা ও বানোয়াট। তবে আমরা চাই প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করুক।"
শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকে আশরাফ ছাড়া জিল্লুর রহমান, সৈয়দা সাজেদা চৌধুরী, আমির হোসেন আমু, আব্দুর রাজ্জাক, তোফায়েল আহমদ, আব্দুল জলিল, সুরঞ্জিত সেনগুপ্ত, মতিয়া চৌধুরী, আতাউর রহমান খান কায়সার ও শেখ ফজলুল করিম সেলিম উপস্থিত ছিলেন।
তার নিজের ভবিষ্যৎ পদবীসহ কয়েকটি প্রশ্ন করা হলেও সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানানো হবে বলে আশরাফ দ্রুত চলে যান।
বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসকে/২২৫৮ঘ.
bdnews24