ঢাকা, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগ নেতৃত্বাধীন 'মহাজোট' থেকে বেরিয়ে গিয়ে নতুন জোট করার ঘোষণা দিয়েছেন বিকল্প ধারা'র সভাপতি বদরুদ্দোজা চৌধুরী। গণফোরাম, কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশ কল্যাণ পার্টিসহ আরো কয়েকটি দল নিয়ে গড়া এ জোটের বিষয়ে দু'এক দিনের মধ্যে আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলে জানিয়েছেন সাবেক এই রাষ্ট্রপতি।
রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে রোববার বিকেলে এক সংবাদ সম্মেলনে বদরুদ্দোজা চৌধুরী বলেন, "আমরা আজ একটি জোট গঠনের আহ্বান জানাচ্ছি। দু'একদিনের মধ্যেই নতুন জোটের ঘোষণা আসবে।"
সংবাদ সম্মেলনে বিকল্প ধারা'র সভাপতির সঙ্গে ছিলেন কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি কাদের সিদ্দিকী, গণফোরামের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান সেকেন্দার আলী মনিসহ দলগুলোর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
মহাজোটের সঙ্গে এখনো আছেন কিনা- প্রশ্নে বদরুদ্দোজা চৌধুরী বলেন, "সে সময় (২০০৭ সালের ২২ জানুয়ারির বাতিল নির্বাচনের আগে) দেশ গৃহযুদ্ধের দিকে যাচ্ছিল। এটি ঠেকাতেই আমরা মহাজোটে যোগ দিয়েছিলাম। এখনো আওয়ামী লীগসহ অন্যান্য দলের সঙ্গে আমাদের সুসম্পর্ক রয়েছে। কিন্তু আমরা আর মহাজোটে নেই।"
তিনি অভিযোগ করেন, "পুরনো দলগুলোর অনেকে এখনো মার্কার আড়ালে ভ্রষ্ট রাজনীতিবিদদের পুনর্বাসিত করার চেষ্টা করছে। এ অন্যায়ের বিরুদ্ধে জনগণ পরিবর্তন চায়। দেশকে এগিয়ে নিতে এ পরিবর্তনের বিকল্প নেই।"
বাংলাদেশের সমাজ ও রাজনীতিতে 'ব্যাপক পরিবর্তন' আনা ও ধ্বংসের হাত থেকে দেশকে রক্ষার জন্য দু'টি প্রচলিত জোটের বিপরীতে সমমনাদের নিয়ে 'অর্থবহ একটি বিকল্প রাজনৈতিক ফ্রন্ট' গঠন হচ্ছে- জানান তিনি।
সাবেক রাষ্ট্রপতি বলেন, "শুধু আমেরিকাতেই নয় সারাবিশ্বে এখন পরিবর্তন হচ্ছে। বাংলাদেশের মানুষও পরিবর্তন চায়। আমরা সবগুলো আসনেই নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছি।"
নির্বাচন নিয়ে সংশয় উড়িয়ে দিয়ে তিনি বলেন, "আমরা মনে করি নির্বাচন হবে। আর কেউ নির্বাচনে না এলেও আমরা নির্বাচন করব।"
নতুন জোটের সম্ভাব্য এক নেতা কাদের সিদ্দিকীর বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সম্পর্কে তিনি বলেন, "তিনি কোনো দুর্নীতি করেননি। এ বিষয়ে তিনি আগেই নিজের বক্তব্য পরিষ্কার করেছেন।"
সংবাদ সম্মেলনে উপস্থিত অন্য দলের নেতারা নতুন জোটের প্রতি তাদের সমর্থন প্রকাশ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এসএনডি/এসকে/২০২৮ঘ.
bdnews24