২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেলোয়ারের মতে তফসিল পরিবর্তন শুভঙ্করের ফাঁকি

সংসদ ও উপজেলা নির্বাচনের তফসিল কিছুটা পরিবর্তন করাকে 'শুভঙ্করের ফাঁকি' অভিহিত করে বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন আবারও বলেছেন, নির্বাচনের পরিবেশ সৃষ্টির জন্য সরকার ও ইসিকে 'সাত দফা' দাবি বাস্তবায়ন করতে হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2008, 01:40 PM

Updated : 26 Aug 2022, 02:38 PM

ঢাকা, নভেম্বর ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংসদ ও উপজেলা নির্বাচনের তফসিল কিছুটা পরিবর্তন করাকে 'শুভঙ্করের ফাঁকি' অভিহিত করে বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন আবারও বলেছেন, নির্বাচনের পরিবেশ সৃষ্টির জন্য সরকার ও ইসিকে 'সাত দফা' দাবি বাস্তবায়ন করতে হবে। 'বিপ্লব ও সংহতি দিবস' উপলক্ষে রোববার সন্ধ্যায় এক আলোচনাসভায় তিনি বলেন, "নির্বাচন কমিশনের পুনঃতফসিল ঘোষণা আরেকটি শুভঙ্করের ফাঁকি। সাত দফা বাস্তবায়ন করা হলে বিএনপি নির্বাচন যাবে। কিন্তু নির্বাচনের নামে কোনো প্রহসনে বিএনপি অংশ নেবে না।" রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে ওই সভা আয়োজন করে জাতীয়তাবাদী শ্রমিক দল। প্রধান অতিথির বক্তব্যে দেলোয়ার অভিযোগ করেন, "দেশে একটি পুতুল সরকার প্রতিষ্ঠার দীর্ঘ নীল নকশা নিয়ে ২০০৭ সালের ১১ জানুয়ারি জরুরি অবস্থা জারি করা হয়েছিল। বিএনপি নির্বাচনমুখী দল হলেও কোনো পাতানো নির্বাচন বা নীল নকশা বাস্তবায়নের সঙ্গে যুক্ত থাকবে না। দেশের জনগণ এরকম কিছু হতে দেবে না।'' দৃশ্যত নির্বাচনের ব্যাপারে বিএনপি ও তার মিত্রদের আপত্তির মুখে রোববার নির্বাচন কমিশন (ইসি) সংসদ ও উপজেলা নির্বাচনের মনোনয়নপত্র জমার সময় ২০ নভেম্বর পর্যন্ত বাড়ানোর কথা জানায়। তবে দুই নির্বাচনেরই ভোট গ্রহণের তারিখ অপরিবর্তিত রাখা হয়েছে। গত ২ নভেম্বর ঘোষিত তফসিলে এ দুই নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল ১৩ নভেম্বর। নির্বাচন কমিশন 'না জানিয়ে' তফসিল ঘোষণা করে মন্তব্য করে নতুন ঘোষণা সম্পর্কে দেলোয়ার বলেন, পুনঃতফসিলের ক্ষেত্রেও তারা একই কাজ করেছে। তিনি বলেন, নির্বাচনের তফসিল ঘোষণা থেকে ১৫ দিনের মধ্যে বিল খেলাপিদের বকেয়া পরিশোধের সুযোগ থাকলেও পুনঃতফসিল থেকে মনোনয়নপত্র জমার শেষ দিনের মধ্যে ব্যবধান ১৫ দিন নেই। এভাবে কমিশন ফাঁকিবাজি করছে বলে দাবি করেন দেলোয়ার। দুর্নীতিসহ বিভিন্ন অভিযোগে আটক বিএনপি নেতাদের কথা উল্লেখ করে মহাসচিব বলেন, "আমাদের দলের অনেক উপযুক্ত প্রার্থী এখন কারাগারে। তাদের বাদ রেখে আমরা কীভাবে নির্বাচনে অংশ নেব? এক দলের সবাই বাইরে। আর অন্য দলের উপযুক্ত প্রার্থীদের নির্বাচন থেকে বিরত রাখতে কারাগারে রাখা হবে- এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।" শ্রমিক দলের সভাপতি ও বিএনপির যুগ্ম মহাসচিব নজরুল ইসলাম খানের সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপির যুগ্ম মহাসচিব আবদুল্লাহ আল নোমান, সেলিমা রহমান, মহিলা দলের শিরিন সুলতানা, যুব দলের সাংগঠনিক সম্পাদক খায়রুল কবীর খোকন, ছাত্রদলের সাধারণ সম্পাদ শফিউল বারী বাবু এবং শ্রমিক দলের সিনিয়র সহসভাপতি আবুল কাশেম চৌধুরী, সাধারণ সম্পাদক জাফরুল হাসান প্রমুখ বক্তব্য দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসএনডি/এসকে/১৯৩৪ঘ.