ঢাকা, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগের পর এবার বিএনপিকেও নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সতর্ক করেছে নির্বাচন কমিশন (ইসি)।
ইসি বলছে, গত শুক্রবার চট্টগ্রামে বিএনপির জনসভায় কর্মী-সমর্থকরা নির্বাচনের প্রচারণা চালিয়ে আচরণবিধি লঙ্ঘন করেছে।
এ জন্য দলটিকে সতর্ক করে দিয়ে রোববার একটি চিঠি পাঠানো হয়েছে।
নির্বাচন কমিশনের উপসচিব মিহির সারওয়ার মোর্শেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের কারণে সতর্ক করে দিয়ে বিএনপি মহাসচিব বরাবর আজই (রোববার) বাহক মারফত একটি চিঠি পাঠানো হয়েছে।"
চট্টগ্রামের ওই জনসভায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ভাষণ দেন। ওই দিন জনসভাসহ ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে বিভিন্ন স্থানে বিএনপি নেতা-কর্মীরা জড়ো হয়ে ব্যানার-ফেস্টুন এবং দলের নির্বাচনী প্রতীক ধানের শীষ নিয়ে দলীয় প্রধানকে স্বাগত জানায়।
ইসির উপসচিব বলেন, সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা অনুসারে নির্বাচনের তিন সপ্তাহ আগে কেউ প্রচারণা শুরু করতে পারবে না। কিন্তু চট্টগ্রামের জনসভায় বিএনপির সম্ভাব্য প্রার্থীদের পক্ষে রঙিন পোস্টার প্রদর্শন ও ধানের শীষ প্রতীক নিয়ে মিছিল হয়েছে।
নির্বাচনের অনুকূল পরিবেশ সৃষ্টির লক্ষ্যে এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার জন্য বিএনপির প্রতি অনুরোধ করেছে ইসি।
এর আগে গত ৬ নভেম্বর শেখ হাসিনা দেশে ফেরার দিন আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীদের পক্ষে রঙিন পোস্টার প্রদর্শন ও নৌকা প্রতীক নিয়ে মিছিল করায় দলটিকে ইসির পক্ষ থেকে সতর্ক করা হয়।
আগামী ১৮ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষিত রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/১৭৫০ ঘ.
bdnews24