ঢাকা, নভেম্বর ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কল্যাণ পার্টির সাধারণ সম্পাদক এস এম আবুল কালাম আজাদকে 'দায়িত্বে অবহেলা ও ব্যর্থতার' দায়ে বৃহস্পতিবার অপসারণ করা হয়েছে।
যুগ্ম সাধারণ সম্পাদক সাদেক আহমেদ খানকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার কল্যাণ পার্টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এতে বলা, গত বুধবার দলের কেন্দ্রীয় কমিটির বৈঠকে দলের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সৈয়দ মুহাম্মদ ইবরাহিম গঠনতন্ত্রে প্রদত্ত ক্ষমতা বলে সাধারণ সম্পাদককে তার পদ থেকে অপসারণ করার সিদ্ধান্ত ঘোষণা করেন।
এদিকে, এ ঘটনাকে অন্যায় ও অগণতান্ত্রিক আখ্যা দিয়ে আবুল কালাম আজাদ রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমি সহকর্মীদের সঙ্গে বসে তাকে (চেয়ারম্যান জেনারেল ইব্রাহিম) দল থেকে অপসারণের কথা ভাবছি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/টিএইচ/এসকে/২২২৭ ঘ.
bdnews24