মুন্সীগঞ্জ, নভেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সংসদ নির্বাচনে কে এলো কে এলো না সেটা সরকার বা নির্বাচন কমিশনের (ইসি) দেখার বিষয় নয় বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
তিনি বলেন, "সরকার ও ইসি'র কাজ হলো সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করা। জনগণ এক্ষুণি নির্বাচন চায়। আমরাও নির্বাচন চাই।"
বৃহস্পতিবার সন্ধ্যায় মুন্সীগঞ্জ শহরের শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা জাতীয় পার্টির প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এরশাদ এ কথা বলেন।
তিনি বলেন, জাতীয় পার্টি ৩০০ আসনে প্রার্থী দিতে প্রস্তত। তবে জোট হলে বোঝাপড়ার মাধ্যমে আসন ভাগাভাগি করবো।"
এরশাদ বলেন, "জাতীয় পার্টির নয় বছরের শাসনামলে দুর্নীতির কলঙ্ক ছিল না। পরের সরকারগুলো এসে দুর্নীতির কলঙ্ক সৃষ্টি করেছে।"
দেশ পরিচালনায় আরেকবার সুযোগ দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, "ক্ষমতায় গিয়ে দেশকে দুর্নীতির কলঙ্ক মুক্ত করবো। গত ১৫ বছর দেশের উন্নয়নের চাকা বন্ধ ছিল। সুযোগ পেলে আমরা আবার উন্নয়নের চাকা সচল করতে চাই।"
এরশাদ বলেন, "উপজেলা পদ্ধতি আমার সময়েই চালু হয়েছিল। এ ব্যবস্থা সচল থাকলে বর্তমানে নতুন জেলার মতো হতে পারতো উপজেলাগুলোও।"
জেলা জাতীয় পার্টির আহ্বায়ক অ্যাডভোকেট বজলুর রহমানের সভাপতিত্বে প্রতিনিধি সম্মেলনে আরও বক্তব্য রাখেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর আহম্মদ, মহাসচিব এ বি এম রুহুল আমিন, প্রেসিডিয়াম সদস্য মো. সিরাজুল ইসলাম, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মুজিবুর রহমান প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১২৮ ঘ.
bdnews24