২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই নির্বাচনে ব্যয় হবে সাড়ে তিনশ কোটি টাকা

নবম জাতীয় সংসদ ও তৃতীয় উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠানে ব্যয় ধরা হয়েছে প্রায় দুইশ কোটি টাকা। এছাড়া, আইন-শৃঙ্খলা খাতে ব্যয় হবে দেড়শ' কোটি টাকারও বেশি। সব মিলিয়ে এবারের নির্বাচনে খরচ হবে অষ্টম সংসদ নির্বাচনের চারগুণেরও বেশি। নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলে জানাচ্ছেন মঈনুল হক চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2008, 11:35 AM

Updated : 26 Aug 2022, 02:38 PM

মঈনুল হক চৌধুরী বিডিনিউজ টোয়ৈন্টিফোর ডটকম ঢাকা, নভেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নবম জাতীয় সংসদ ও তৃতীয় উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠানে ব্যয় ধরা হয়েছে প্রায় দুইশ কোটি টাকা। এছাড়া, আইন-শৃঙ্খলা খাতে ব্যয় হবে দেড়শ' কোটি টাকারও বেশি। সব মিলিয়ে এবারের নির্বাচনে খরচ হবে অষ্টম সংসদ নির্বাচনের চারগুণেরও বেশি। নির্বাচন কমিশন (ইসি) এই অর্থ দ্রুত ছাড় করতে অর্থমন্ত্রণালয়কে অনুরোধ জানিয়েছে। চলতি ২০০৮-০৯ অর্থবছরে নির্বাচনী ব্যয় বাবদ সোয়া চার কোটি টাকা বাজেটে বরাদ্দ আছে। নির্বাচন পরিচালনায় অর্থ ব্যয়ে ইসি সচিবালয়ের দুটি প্রস্তাব বুধবার অনুমোদন করে কমিশন। এসব প্রস্তাবে নবম সংসদ নির্বাচনের জন্য ৫৩ খাতে প্রায় ৯১ কোটি টাকা এবং উপজেলা নির্বাচনের জন্য ৪৮ খাতে প্রায় ৯৭ কোটি বরাদ্দ চাওয়া হয়। ইসি সচিবালয়ের একজন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও সাত বছরে ভোটার বাড়ায় অষ্টম সংসদের তুলনায় এবার ভোট অনুষ্ঠানে ব্যয় বাড়বে। এ জন্য প্রস্তাবিত বাজেটে বরাদ্দ প্রায় চারগুণ বাড়ানো হচ্ছে।" অষ্টম সংসদ নির্বাচন পরিচালনা বাবদ ৩২ কোটি টাকা এবং আইন শৃঙ্খলাবাহিনীর খরচ বাবদ ৪২ কোটি টাকা ব্যয় হয়েছিল। ইসি সচিবালয়ের উপ সচিব (পৌর ও পল্লী) সৈয়দ খুরশীদ আনোয়ার বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, উপজেলা নির্বাচন অনুষ্ঠানে জাতীয় নির্বাচনের মতোই ব্যয় ধরা হয়েছে। তবে উপজেলা নির্বাচনের সময় ভোটকেন্দ্র সংখ্যা জাতীয় নির্বাচনের চেয়ে বেশি হওয়ায় কিছু অর্থ বেশি বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। বরাদ্দের উল্লেখযোগ্য অংশ ভোটগ্রহণ কর্মকর্তা ও সংশ্লিষ্টদের পারিশ্রমিক, নির্বাচনী মালামাল (স্ট্যাম্প প্যাড, অফিসিয়াল সিল, মার্কিং সিল, ব্রাস সিল, লাল গালা, আম কাঠের প্যাকিং বাক্স, অমোচনীয় কালি ইত্যাদি) কেনায় ব্যয় হবে বলে জানিয়েছেন ইসি সচিবালয়ের কর্মকর্তারা। এছাড়া, ব্যালট পেপার, বিভিন্ন ফরম, প্যাকেট, নির্দেশিকা, ম্যানুয়াল, মনিটরিং সেল, প্রচারণা, ভোটকেন্দ্র-ভোটকক্ষ নির্মাণ, কক্ষ সংস্কার, ভোটকেন্দ্রের বেষ্টনি নির্মাণ, ভোটকেন্দ্রের মনোহারী দ্রব্য কেনা, পরিবহন ভাড়া, কর্মকর্তাদের ডাক, তার, বার্তাবাহক, জ্বালানিসহ বিভিন্ন নির্বাচনী সামগ্রী কেনায়ও অর্থ ব্যয় হবে। নির্বাচন অনুষ্ঠানের ব্যয় বাবদ বরাদ্দ অর্থ মন্ত্রণালয়ের কাছ থেকে সরাসরি গ্রহণ করবে নির্বাচন কমিশন। আর আইনশৃঙ্খলা বাহিনীর জন্য বরাদ্দ গ্রহণ করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয় মাঠর্পযায়ে তাদের সম্ভাব্য ব্যয় নির্ধারণ করবে। আইনশৃঙ্খলা খাতে এবার দেড়শ' কোটি টাকারও বেশি অর্থ প্রয়োজন হবে বলে মনে করছে ইসি। নির্বাচনকে সামনে রেখে ইসির কর্মপরিকল্পনায় বলা হয়েছে, ১৫ নভেম্বরের মধ্যে আইন শৃঙ্খলাবাহিনীর জন্য প্রস্তাবিত ব্যয়ে অর্থমন্ত্রণালয়ের ছাড়পত্র গ্রহণ করে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে পাঠানো হবে। ইসি সচিবালয়ের উপ সচিব (সংসদ নির্বাচন) মিহির সারওয়ার মোর্শেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রথানুযায়ী নির্বাচনের আগে বাজেট তৈরি করে অর্থবিভাগে পাঠানো হয়। এবারো সে নিয়ম অনুসরণ করা হয়েছে। গত বছর ২২ জানুয়ারির বাতিল নির্বাচনের জন্যও সব মিলিয়ে আড়াইশ' কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। এর আগে ২০০১ সালে নির্বাচনে ভোটকেন্দ্র ছিল ২৯ হাজার ৯৭৮টি, ভোটকক্ষ ছিল এক লাখ ৪৯ হাজার ২৮৮টি। আর এবার ভোটকেন্দ্র থাকবে প্রায় সাড়ে ৩৭ হাজার এবং কক্ষ থাকবে প্রায় ১ লাখ ৮৮ হাজার। ভোটকেন্দ্র ও ভোটকক্ষ বেশি হওয়ায় এবার ছয় লাখ ভোটগ্রহণ কর্মকর্তার প্রয়োজন হবে, যা গতবারের চেয়ে ১ লাখ ২০ হাজার বেশি। ইসি কর্মকর্তারা জানান, নবম সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রে দায়িত্বপালনকারী প্রিজাইডিং অফিসারদের জন্য এক হাজার টাকা, সহকারী প্রিজাইডিং অফিসারদের সাতশ টাকা, পোলিং অফিসারদের ছয়শ টাকা করে সম্মানী ভাতার প্রস্তাব করা হচ্ছে। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১৮ ডিসেম্বর নবম সংসদ নির্বাচন এবং ২৮ ডিসেম্বর তৃতীয় উপজেলা পরিষদ নির্বাচন হবে। গত ৯ জুন ২০০৮-০৯ অর্থবছরে নির্বাচন কমিশনের (ইসি) জন্য ৫৪৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেন অর্থ উপদেষ্টা এবি মির্জ্জা আজিজুল ইসলাম। পরে সংশোধিত বাজেটে ইসির জন্য বরাদ্দ রাখা হয় ৫১৪ কোটি টাকা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসএনডি/জেকে/১৭৩০ ঘ.