ঢাকা, নভেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যবসায়ী নূর আলীর মামলা থেকে অব্যাহতি পাওয়ার পর এখন আর শেখ হাসিনার জামিনের প্রয়োজন নেই বলে জানিয়েছেন তার কৌঁসুলি ব্যারিস্টার শফিক আহমেদ।
বৃহস্পতিবার হাসিনা দেশে ফেরার পর দুপুরে ব্যারিস্টার শফিক আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "হাসিনা এখন মুক্ত। এখন তার রাজনীতি করতে, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ও দলের নেতৃত্ব দিতে কোন বাধা নেই।"
বুধবার নূর আলীর দায়ের করা চাঁদাবাজির মামলার অভিযোগ থেকে শেখ হাসিনা, চাচাতো ভাই শেখ হেলাল ও তার স্ত্রী রূপা চৌধুরীকে অব্যাহতি দেওয়ার আবেদন জানিয়ে আদালতে চূড়ান্ত প্রতিবেদন আদালতে জমা দেয় মামলার তদন্তকারী।
মামলা প্রসঙ্গে তিনি বলেন, "এ মামলায় হাসিনাকে অব্যাহতি দিয়ে চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়েছে। তাই এখন আর তাকে জামিন নিতে হবে না। মামলার অভিযোগ থেকে নাম বাদ দিয়ে চূড়ান্ত প্রতিবেদন দেওয়ার অর্থই হলো এ মামলা আর নেই। দেড় বছর তদন্ত করেও পুলিশ তার বিরুদ্ধে কোন অভিযোগ পায়নি।"
শফিক আহমেদ জানান, নাইকো ও ভাসমান বিদ্যুৎকেন্দ্র দুর্নীতি মামলা ছাড়া বাকি সব মামলায়ই হাসিনা জামিন পেয়েছেন। ওই দুই মামলায় তাকে দেশে বা বিদেশে গ্রেপ্তার বা হয়রানি না করতে হাইকের্টের নির্দেশ রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এএল/জিএনএ/১৭০০ ঘ.
bdnews24