চট্টগ্রাম, নভেম্বর ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীতে যুবলীগ কর্মী মো. ইস্কান্দার হত্যা মামলার রায়ে ১৪ জনকে বেকসুর খালাস দিয়েছে চট্টগ্রামের একটি আদালত।
বুধবার অতিরিক্ত মহানগর দায়রা জজ ইনামুল হক ভূঁইয়া এ রায় দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী বদরুল হক চৌধুরী সাংবাদিকদের জানান, উপযুক্ত সাক্ষ্য প্রমাণ না থাকায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করা যায়নি। যে আটজন সাক্ষ্য দিয়েছে তাদের সবাইকে আদালত বৈরি ঘোষণা করে।
খালাসপ্রাপ্তরা হলেন- মো. শাহজাহান, আরমান হোসেন ওরফে বাবুল, মো. সেলিম ওরফে শাহজাহান, দুদু মিয়া, মঈনুদ্দিন, মোহাম্মদ মুছা, আমজাদ হোসেন, শাহীন আলম, আলী আকবর ওরফে ঢাকাইয়া আকবর, মো. নাসির, কোরবান, মোহাম্মদ হোসেন, আল মাসুদ চৌধুরী ওরফে বাদল ও মোহাম্মদ আলী।
মামলার এজাহার থেকে জানা যায়, নগরীর পাঁচলাইশ থানার ষোলশহর দুই নম্বর গেট এলাকায় ১৯৯৭ সালের ২ মে রাতে দুই গ্র"পের মধ্যে গোলাগুলির ঘটনায় মো. ইস্কান্দার গুলিবিদ্ধ হন। হাসপাতালে তার মৃত্যু হয়। এই ঘটনায় পুলিশ বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা করে।
ওই বছর ৩১ ডিসেম্বর ১৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়।
এছাড়া ইস্কান্দার পুলিশের গুলিতে মারা গেছে এমন অভিযোগ করে তার মা আদালতে আরও একটি মামলা করেন। এটি বর্তমান বিচারাধীন রয়েছে।
বিডনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/টিএইচ/ডিডি/এসকে/২২৫৯ঘ.
bdnews24