২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনের স্বার্থে ঐক্যবদ্ধ থাকতে হবে: লন্ডনে হাসিনা

আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, নির্বাচন নিয়ে জনগণের মতো তার মনেও শঙ্কা রয়েছে। তবে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2008, 01:16 PM

Updated : 26 Aug 2022, 02:37 PM

ওয়াহিদ জামান, লন্ডন থেকে লন্ডন, নভেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, নির্বাচন নিয়ে জনগণের মতো তার মনেও শঙ্কা রয়েছে। তবে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশ ফেরার পথে লন্ডনে একদিনের যাত্রাবিরতিতে এই সাবেক প্রধানমন্ত্রী বাংলা মিডিয়ার সাংবাদিকদের এক প্রেস বিফিংয়ে এসব কথা বলেন। স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় সেন্ট্রাল লন্ডনের একটি হোটেলে আয়োজিত ওই প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে শেখ হাসিনা আরও বলেন, "বিএনপি নির্বাচনে না গেলেও সবকিছু ঠিকঠাক থাকলে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে।" এ সময় তিনি জরুরি অবস্থা প্রত্যাহার না হলেও নির্বাচনে যাওয়ার ব্যাপারে ইতিবাচক মনোভাব প্রকাশ করেন। সরকারের সঙ্গে আসন ভাগাভাগি কিংবা গোপন সমঝোতা হয়েছে কিনা- এরকম প্রশ্ন সরাসরি নাকচ করে হাসিনা বলেন, "এটা ঠিক নয়। আওয়ামী লীগ কখনো একটি অনির্বাচিত সরকারের সঙ্গে সমঝোতায় আসতে পারে না।" তিনি বলেন, "আওয়ামী লীগ চায় বর্তমান সরকারকে প্রস্থানে সহযোগিতা করতে, ক্ষমতা চিরস্থায়ী করতে নয়।" হাসিনা সরকারের দুর্নীতিবিরোধী অভিযান প্রসঙ্গে বলেন, "দুর্নীতিবিরোধী অভিযানে স্বচ্ছতা না থাকলেও এটি ছিল সময়ের দাবি।" দলীয় নেতাকর্মীরা ষড়যন্ত্রের শিকার হয়েছেন উল্লেখ করে আওয়ামী লীগ সভানেত্রী বলেন, "আওয়ামী লীগ দুর্নীতিতে বিশ্বাসী নয়।" কোন প্রতিকূল পরিস্থিতিতে আওয়ামী লীগ নির্বাচন বর্জন করবে কিনা- জানতে চাওয়া হলে তিনি বলেন, "আমি সাংবাদিকদের সামনে এমন কিছু বলতে চাইনা যাতে কোন মহল নির্বাচন বানচাল করার সুযোগ পায়। আওয়ামী লীগ নির্বাচিত হলে দুর্নীতি দমন কমিশনকে আরো শক্তিশালী করার পাশাপাশি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করা হবে বলেও জানান হাসিনা। প্রবাসী প্রার্থীদের বিষয়ে হাসিনা বলেন, "নির্বাচনে মনোনয়নের বিষয়টি সম্পূর্ণ দলীয় সিদ্ধান্ত ,একা কোন সিদ্ধান্ত দেওয়া যাবেনা। বুধবার সকালে এমিরেটস এয়ারলাইন্সের ইকে-৫৮২ ফ্লাইটে হিথ্রো বিমান বন্দর থেকে বাংলাদেশের উদ্দেশে তার রওয়ানা হওয়ার কথা। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে প্রবীণ সাংবাদিক ও কলামিস্ট আব্দুল গাফ্ফার চৌধুরী, যুক্তরাজ্য আওয়ামী লীগ সভাপতি শামসুদ্দিন খান, আওয়ামী লীগ নেতা জালাল উদ্দিন, যুক্তরাজ্য যুবলীগ সভাপতি আনোয়ারুজ্জামান চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এসকে/