ঢাকা, নভেম্বর ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার বিকেল সাড়ে ৫টায় প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।
বৈঠকের আগে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ সাংবাদিকদের বলেন, "উপজেলা নির্বাচনের সময়সূচি পেছানো এবং জাতীয় নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের সময় বাড়ানোর জন্য আমরা অনুরোধ করব। এছাড়া নির্বাচনী পরিবেশ তৈরিতে যথাযথ ব্যবস্থা নেওয়া এবং প্রার্থীদের যোগ্যতা-অযোগ্যতার শর্তে কিছু পরিবর্তন আনার জন্যও সুপারিশ করা হবে।
তোফায়েল ছাড়াও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী, সুরঞ্জিত সেনগুপ্ত, মতিয়া চৌধুরী, আব্দুর রাজ্জাক, আমির হোসেন আমু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম ও দলের নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক হোসেন তৌফিক ইমাম এ বৈঠকে অংশ নিচ্ছেন।
অন্যদিকে কমিশনের পক্ষে থাকছেন প্রধান নির্বাচন কমিশনার এ টিএম শামসুল হুদা এবং দুই কমিশনার মুহম্মদ ছহুল হোসাইন ও এম সাখাওয়াত হোসেন।
প্রধান নির্বাচন কমিশনার গত রোববার জাতীয় সংসদ ও উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করেন। সে অনুযায়ী, আগামী ১৮ ডিসেম্বর নবম সংসদ নির্বাচন এবং ২৮ ডিসেম্বর তৃতীয় উপজেলা নির্বাচন হওয়ার কথা। দু'টি নির্বাচনেই প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৩ নভেম্বর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/কিউএইচ/জেকে/এসকে/১৮০৭ঘ.
bdnews24