ঢাকা, নভেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে আসন্ন সংসদ নির্বাচনের জন্য দলীয় মনোনয়ন প্রত্যাশীদের কাছে মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে আওয়ামী লীগ।
বুধবার সকাল পৌনে ১১টায় বঙ্গবন্ধু এভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে প্রথম মনোনয়ন ফরমটি তোলা হয় শেখ হাসিনার জন্য। গোপালগঞ্জ-৩ আসনটিতে নির্বাচনের জন্য আওয়ামী লীগ সভানেত্রীর পক্ষে ফরম তোলেন তার স্বামী ড. ওয়াজেদ মিয়ার ভাস্তে তাজিমুল ইসলাম শামীম।
এরপর অন্য আসনগুলোতে মনোনয়ন প্রত্যাশীরাও ফরম তুলতে শুরু করেছেন। মনোনয়ন প্রত্যাশীদের সমর্থকদের মুহুর্মুহু মিছিল আর শ্নোগানে মুখরিত হয়ে উঠেছে বঙ্গবন্ধু এভিনিউ এলাকা।
শেখ হাসিনার পক্ষে নেওয়া মনোনয়ন ফরমটি তুলে দেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। পৈত্রিক এলাকা গোপালগঞ্জ-৩ আসনে শেখ হাসিনা বরাবরই নির্বাচিত হয়ে আসছেন।
দলীয় কার্যালয়ে ছয়টি বিভাগের জন্য আলাদা কক্ষে মনোনয়ন ফরম বিক্রি করা হচ্ছে। মনোনয়ন প্রত্যাশীরা সাড়ে ৭ হাজার টাকা জমা দিয়ে সে ফরম তুলছেন। আগামী শুক্রবার পর্যন্ত মনোনয়ন ফরম বিক্রি ও জমা নেওয়া চলবে। ফরম বিক্রির এ বিষয়টি সমন্বয় করছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় বিভাগীয় উপকমিটির সহসম্পাদক মৃণাল কান্তি দাশ।
আগামী ১৮ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচন হবে। ঘোষিত তফসিল অনুযায়ী, ১৩ নভেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। আওয়ামী লীগ নির্বাচনের প্রস্তুতি পুরোদমে শুরু করলেও তাদের প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট এখনও নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি। তবে বুধবার সন্ধ্যায়ই এ বিষয়ে সিদ্ধান্ত নিতে জোটের বৈঠকের কথা রয়েছে।
মনোনয়ন ফরম বিক্রি শুরুর পর আওয়ামী লীগ নেতা সৈয়দ আশরাফ সাংবাদিকদের বলেন, "আওয়ামী লীগ প্রাথমিকভাবে ৩০০ আসনেই দলীয় প্রার্থী মনোনয়ন দেবে। পরে নির্বাচনী জোট হলে আসন বণ্টন অনুযায়ী, যেসব আসন শরিকদের ছেড়ে দেওয়া হবে সেখানে আওয়ামী লীগ প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করে নেবেন।"
আওয়ামী লীগের নেতৃত্বে বর্তমানে ১৪ দলীয় জোট সক্রিয় রয়েছে। এর বাইরে জাতীয় পার্টি, এলডিপি, বিকল্পধারাসহ বিভিন্ন দলকে নিয়ে মহাজোট গঠনের জন্য আলোচনা চলছে।
দলীয় প্রধান শেখ হাসিনা বৃহস্পতিবার দেশে ফিরেই নির্বাচনী প্রচারণায় নামবেন বলে সৈয়দ আশরাফ জানান।
তিনি বলেন, "নেত্রী (হাসিনা) বৃহস্পতিবার সকালেই দেশে আসবেন। দেশে ফেরার পর তাকে বিশাল সংবর্ধনা দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে। কালই (বৃহস্পতিবার) দলের নির্বাচনী প্রচার কাজ উদ্বোধন করবেন তিনি।"
ঘোষিত সময়ে নির্বাচনে দৃঢ় আশাবাদী সৈয়দ আশরাফ বলেন, "নির্বাচন নিয়ে জনমনে সংশয় ছিল। কিন্তু আমরা প্রথম থেকেই বলে আসছি, নির্বাচন হবেই। এখনও অনেকে সংশয় প্রকাশ করেছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাসী , ১৮ ডিসেম্বর নির্বাচন হবে।"
উপজেলা নির্বাচন পেছানোর দাবি পুনর্বার জানিয়ে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বলেন, "এ বিষয়ে আজ (বুধবার) আমরা নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনায় বসব। বিকালে বৈঠকটি হবে।"
নির্বাচন কমিশন সংসদ নির্বাচনের ১০ দিন পর ২৮ ডিসেম্বর উপজেলা নির্বাচনের তারিখ রেখে তফসিল ঘোষণা করেছে। তবে আওয়ামী লীগ-বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল এ নির্বাচন পেছানোর দাবি জানিয়ে আসছে।
আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের মতামতের ভিত্তিতে প্রার্থী মনোনয়ন দেওয়া হবে। কেন্দ্রীয় কার্যালয়ে প্রতিটি বিভাগের জন্য আলাদা বাক্সে মনোনয়ন ফরম জমা দেবেন আগ্রহী প্রার্থীরা। তাদের একটি রশিদ দেওয়া হবে। তারা রশিদের অনুলিপি স্ব স্ব নির্বাচনী এলাকায় দলের উপজেলা বা থানা আওয়ামী লীগের সভাপতি বা সাধারণ সম্পাদকের কাছে জমা দেবেন।
জেলা আওয়ামী লীগের সদস্য এবং নির্দিষ্ট নির্বাচনী এলাকার অন্তর্ভুক্ত ওয়ার্ড, ইউনিয়ন, থানা ও পৌরসভা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে নিয়ে বর্ধিত সভা হবে। ওই সভা থেকেই তৃণমূল পর্যায়ের নেতারা স্ব স্ব আসনের জন্য পাঁচ জন করে প্রার্থী বাছাই করে ৯ নভেম্বরের মধ্যে কেন্দ্রীয় সংসদীয় বোর্ডের সম্পাদকের কাছে পাঠাবেন। এর মধ্য থেকে কেন্দ্রীয় সংসদীয় বোর্ড প্রতি আসনে এক জন প্রার্থীকে চূড়ান্ত মনোনয়ন দেবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/১১৩৬ ঘ.
bdnews24