২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জরুরি অবস্থা ছাড়াই নির্বাচন আশা করছে যুক্তরাষ্ট্র: মরিয়ার্টি

বাংলাদেশে জরুরি অবস্থা শিথিলকে নির্বাচনের পথে 'একটি শুভসূচনা' মন্তব্য করে মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি বলেছেন, "যুক্তরাষ্ট্র সরকার আশা করে সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশের প্রয়োজনে জরুরি অবস্থা ছাড়াই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2008, 01:35 PM

Updated : 26 Aug 2022, 02:37 PM

চট্টগ্রাম, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশে জরুরি অবস্থা শিথিলকে নির্বাচনের পথে 'একটি শুভসূচনা' মন্তব্য করে মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি বলেছেন, "যুক্তরাষ্ট্র সরকার আশা করে সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশের প্রয়োজনে জরুরি অবস্থা ছাড়াই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে।" চট্টগ্রাম নগরীর একটি হোটেলে মঙ্গলবার দুপুরে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে এ কথা বলেন রাষ্ট্রদূত। ১৮ ডিসেম্বর সংসদ ও ২৮ ডিসেম্বর উপজেলা নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্রকে একধাপ এগিয়ে যাবে- আশা করে মরিয়ার্টি বলেন, "নির্বাচিত উপজেলা চেয়রম্যানরা তৃণমূল পর্যায়ে গণতন্ত্র বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। উপজেলা নির্বাচন বাংলাদেশে পরবর্তী প্রজন্মের রাজনৈতিক নেতা তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।" তিনি বলেন, "বাংলাদেশের পরবর্তী নির্বাচিত সরকার গণতন্ত্রের উন্নয়ন, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সন্ত্রাসী এবং সন্ত্রাসমূলক কার্যকলাপের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ অব্যাহত রাখবে বলে যুক্তরাষ্ট্র আশা করছে।" আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন এবং বাংলাদেশের সংসদ নির্বাচন দুই দেশে আগামী তিন দশকের নেতৃত্ব ও দেশ পরিচালনার জন্য গুরুত্বপূর্ণ- মন্তব্য করে রাষ্ট্রদূত বলেন, "এ দুটি নির্বাচন ঘিরে নানা ধরনের প্রত্যাশা রয়েছে। বাংলাদেশের ভবিষ্যৎ এবং গণতন্ত্রের ধরন জনগণকেই ঠিক করতে হবে।" চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রিজ (সিসিসিআই) আয়োজিত মতবিনিময় সভা শেষে জেমস এফ মরিয়ার্টি আরও বলেন, "যুক্তরাষ্ট্র বাংলাদেশের স্থানীয় সরকার শক্তিশালী করতে বিভিন্ন কার্যক্রম অব্যাহত রাখবে। মার্কিন সরকার স্থানীয় সরকার কাঠামোর উন্নয়নে বাংলাদেশের বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের গৃহীত উদ্যোগগুলোকে ইতিমধ্যে স্বাগত জানিয়েছে এবং এ বিষয়ে পরবর্তী নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী।" গণতন্ত্রের উন্নয়নের জন্য দেশের ব্যবসায়ীদেরও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। বিশ্বে চলমান অর্থনৈতিক মন্দা শিগগির কেটে যাবে আশা করে রাষ্ট্রদূত বলেন, এ মন্দার প্রভাবে উন্নয়নশীল দেশগুলো যাতে খুব বেশি ক্ষতিগ্রস্ত না হয় সে ব্যাপারে কাজ করবে যুক্তরাষ্ট্র। চট্টগ্রাম চেম্বারের সভাপতি সাইফুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে মতবিনিময় সভায় এফবিসিসিআই এর সাবেক সভাপতি ইউসুফ আবদুল্লাহ হারুন, চট্টগ্রামের সাবেক মেয়র ও জাতীয় পার্টি নেতা মাহমুদুল ইসলাম, সিসিসিআই এর সাবেক সভাপতি প্রকৌশলী আলী আহমদ, বিজেএমইএ নেতা মাহবুব আলী প্রমুখ বক্তব্য রাখেন। বন্দরকে কেন্দ্র করে চট্টগ্রামকে আঞ্চলিক অর্থনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু হিসাবে গড়ে তোলার উদ্যোগ নেওয়ার ওপর জোর দিয়ে ইউসুফ আবদুল্লাহ হারুন বলেন, "নির্বাচিত সরকার আগের চেয়ে অর্থনীতিসহ সব ক্ষেত্রের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে।" তিনি বাংলাদেশে স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে যুক্তরাষ্ট্রকে যথাযথ ভূমিকা পালনের আহ্বান জানান। মতবিনিময় সভার আগে মরিয়ার্টি সকালে পতেঙ্গা এলাকার ইসমাইলিয়া সুকানি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এসএনডি/১৯২৭ঘ.