২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশের পথে লন্ডনে পৌঁছেছেন হাসিনা

দেশের পথে রওনা হয়েছেন শেখ হাসিনা। আওয়ামী লীগ নেতারা জানিয়েছেন, মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১০টা ৪৫ এ লন্ডনের হিথ্রো বিমানবন্দরে অবতরণ করেন শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2008, 09:25 AM

Updated : 26 Aug 2022, 02:37 PM

ঢাকা, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের পথে রওনা হয়েছেন শেখ হাসিনা। আওয়ামী লীগ নেতারা জানিয়েছেন, মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১০টা ৪৫ এ লন্ডনের হিথ্রো বিমানবন্দরে অবতরণ করেন শেখ হাসিনা। এর আগে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের ডালেস বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশে রওনা দেন তিনি। সাময়িক মুক্তির মেয়াদ শেষের দিন আগামী ছয় নভেম্বর হাসিনার দেশে ফেরার কথা। আওয়ামী লীগ সভানেত্রীর আগামী ১০ নভেম্বর দেশে ফেরার কথা থাকলেও নির্বাচনের তফসিল ঘোষণার পর তিনি চারদিন আগেই দেশে ফেরার সিদ্ধান্ত নেন। যুক্তরাষ্ট্রে পাঁচ মাস অবস্থান শেষে দেশে ফিরছেন আওয়ামী লীগ সভানেত্রী। চিকিৎসার জন্য সরকারের আদেশে সাময়িক মুক্তি নিয়ে চলতি বছরের ১২ জুন যুক্তরাষ্ট্রে যান তিনি। অন্য সব মামলায় জামিনে থাকলেও ব্যবসায়ী নূর আলীর দায়ের করা চাঁদাবাজি মামলায় বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট জামিনের আবেদন নাকচ করায় দেশে ফিরলে সাবেক এ প্রধানমন্ত্রীকে ফের কারাগারে যেতে হবে কিনা- তা নিয়ে উদ্বেগ রয়েছে আওয়ামী লীগ নেতাদের। হাসিনার সাময়িক মুক্তির মেয়াদ ৬ নভেম্বর শেষ হচ্ছে। হাসিনা শুক্রবার ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী রিচার্ড বাউচারের সঙ্গে বৈঠক করেন। যুক্তরাষ্ট্রে অবস্থানকালে এর আগেও বাউচারের সঙ্গে বৈঠক করেছিলেন তিনি। ১১ মাস কারাবন্দি থাকার পর গত ১১ জুন চিকিৎসার জন্য শেখ হাসিনাকে সাময়িক মুক্তি দেওয়া হয়। মুক্তির পরদিনই তিনি যুক্তরাষ্ট্র যান। শেখ হাসিনাকে গত বছরের ১৬ জুলাই গ্রেপ্তার করা হয়। আগামী ১৮ ডিসেম্বর সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। আওয়ামী লীগ নির্বাচনের আগেই শেখ হাসিনার স্থায়ী মুক্তি দাবি করে আসছে। দলটি বলছে, দলীয় প্রধানকে ছাড়া তারা নির্বাচনে যাবে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/জিএনএ/এসকে/১৯৫৭ ঘ.