ঢাকা, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তফসিল ঘোষণার পরও নির্বাচনে যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেনি বিএনপি। এ বিষয়ে জোট শরিকদের সঙ্গে আলোচনা করতে চায় দলটি। নির্বাচনের বিষয়টি গভীরভাবে পর্যালোচনা করা হচ্ছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন।
সংসদ নির্বাচনের তফসিল রোববার ঘোষণা করা হয়েছে। ১৮ ডিসেম্বর অনুষ্ঠেয় ওই নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৩ নভেম্বর।
খোন্দকার দেলোয়ার সোমবার সাংবাদিকদের বলেন, "সরকারের সঙ্গে সংলাপে সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা যে সব দাবি-দাওয়া দিয়েছিলাম, তার কিছুই বাস্তবায়ন হয়নি। এ রকম অবস্থায় তফসিল ঘোষণার পর বিষয়টি আমরা গভীরভাবে পর্যালোচনা করছি। এখনই কিছু বলতে পারব না। দল ও জোটের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।"
মঙ্গলবার বিকালে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকের কথা রয়েছে। পরদিন চারদলীয় শীর্ষ নেতাদের বৈঠক ডাকা হয়েছে। গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে এ দুটি বৈঠক হবে।
খোন্দকার দেলোয়ার বলেন, "আমরা নির্বাচনের বিপক্ষে নই। বিএনপি নির্বাচনে যেতে চায়।"
নির্বাচনে অংশ নিতে হলে তফসিল অনুযায়ী ১৩ নভেম্বরের মধ্যেই প্রার্থীদের মনোনয়পত্র দাখিল করতে হবে। অর্থাৎ বিএনপিসহ চারদলীয় জোটকে এ ১০ দিনের মধ্যেই সব প্রস্তুতি চূড়ান্ত করে প্রার্থী তালিকা তৈরি করতে হবে।
বিএনপি নির্বাচনের জন্য প্রস্তুত কিনা- সাংবাদিকরা জানতে চাইলে বিএনপি মহাসচিব বলেন, "আমরা সাংগঠনিকভাবে প্রস্তুত রয়েছি। প্রতিদিনই দলীয় নেতা-কর্মীরা আমার সঙ্গে সংগঠন ও নির্বাচন নিয়ে কথা বলছেন। নির্বাচনের প্রস্তুতি আমাদের আছে।"
দেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়নি দাবি করে খোন্দকার দেলোয়ার বলেন, "জাতিসংঘ মহাসচিব বান কি মুনও বলেছেন, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সব দলের অংশগ্রহণের সমান সুযোগ তৈরি করতে হবে। আমরা সেই সমান সুযোগ চাই।"
সংসদ ভবন এলাকার ন্যাম ফ্ল্যাটে নিজের বাসায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপি মহাসচিব। ওই সময় তার সঙ্গে ছিলেন দলের যুগ্ম মহাসচিব আবদুল মান্নান, সাবেক হুইপ ফজলুল হক আসপিয়া, খালেদা রাব্বানী প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৫৪৫ ঘ.
bdnews24