২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ নির্বাচন বলে ভোট চাইছেন এরশাদ

সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই প্রচারে নেমে পড়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচএম এরশাদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2008, 09:13 AM

Updated : 26 Aug 2022, 02:37 PM

রংপুর, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই প্রচারে নেমে পড়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচএম এরশাদ। সোমবার রংপুর সদর উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগের সময় তিনি বলেন, এটাই তার শেষ নির্বাচন। জাপা চেয়ারম্যান রংপুর-৩ (সদর) আসনে নির্বাচনের প্রচারণা চালাচ্ছেন। আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোটে শরিক হয়ে নির্বাচনে অংশ নেওয়ার কথা আগেই জানিয়েছেন তিনি। রোববার সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা। আগামী ১৮ ডিসেম্বর সংসদ নির্বাচন হবে। সোমবার সকাল থেকে রংপুর শহরের বিভিন্ন এলাকায় পথসভায় বক্তৃতায় এরশাদ বলেন, "এটাই আমার জীবনের শেষ নির্বাচন। আর হয়তো নির্বাচন করতে পারব না। তাই অবহেলিত রংপুরের মানুষের সেবা করার সুযোগ দেওয়ার জন্য শেষ বার আমাকে ভোট দিন।" সাবেক সামরিক শাসক এরশাদ বলেন, "আমরা ক্ষমতায় গেলে সহায় সম্বলহীন দুস্থ মানুষদের তালিকা করে বিনামূল্যে চাল, ডাল ও তেল সরবরাহ করব। আর মধ্যবিত্ত পরিবারগুলোর জন্য রেশনিং প্রথা চালু করে বাজার মূল্যের অর্ধেক দামে চাল, ডাল ও তেল দেওয়া হবে।" ক্ষমতায় গেলে মঙ্গার সময় নতুন ধান কাটা পর্যন্ত ১২০ দিন ক্ষেতমজুরদের প্রতিদিন ১২০ টাকা করে দেওয়ার আশ্বাসও দেন জাপা চেয়ারম্যান। তিনি বলেন, "এর আগে দুই বার নির্বাচন করেছি কারাবন্দি অবস্থায়। ২০০১ সালের নির্বাচনে আমাকে অযোগ্য ঘোষণা করায় নির্বাচন করতে পারি নাই। এবারই প্রথম মুক্ত মানুষ হিসেবে নির্বাচন করছি।" ক্ষমতায় গেলে রংপুরকে বিভাগ এবং দেশকে আটটি প্রদেশে ভাগ করার ঘোষণা দিয়ে এরশাদ বলেন, "বৃহত্তর রংপুর একটি প্রদেশ হবে, আর এর রাজধানী হবে রংপুর।" সকাল সাড়ে ৯টায় শহরের চকেরটারী মহল্লায় পথসভার মধ্য দিয়ে নির্বাচনী প্রচার শুরু করেন এরশাদ। পরে বিভিন্ন পাড়া মহল্লায় গণসংযোগ করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/এমআই/১৫১৫ ঘ.