২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার বান কি মুনকে সুষ্ঠু নির্বাচনের কথা দিয়েছে: আশরাফুল

তত্ত্বাবধায়ক সরকার আগামী ১৮ ডিসেম্বর নবম জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠানের বিষয়ে জাতিসংঘ মহাসচিব বান কি মুনকে আশ্বস্ত করেছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2008, 02:41 PM

Updated : 26 Aug 2022, 02:36 PM

ঢাকা, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্ঠিফোর ডটকম)- তত্ত্বাবধায়ক সরকার আগামী ১৮ ডিসেম্বর নবম জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠানের বিষয়ে জাতিসংঘ মহাসচিব বান কি মুনকে আশ্বস্ত করেছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। রোববার বিকালে হোটেল সোনারগাঁওয়ে বান কি মুনের সঙ্গে আওয়ামী লীগ প্রতিনিধি দলের বৈঠকের পর আশরাফুল জাতিসংঘ মহাসচিবকে উদ্ধৃত করে সাংবাদিকদের এ কথা জানান। আধঘণ্টার এ বৈঠকের বিষয়বস্তু সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফ বলেন, "নির্বাচন ও নির্বাচন পরবর্তী বিভিন্ন বিষয়ে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বৈঠক হয়েছে। "উনি বলেছেন, ১৮ ডিসেম্বর নির্বাচন হবে। সরকার তাকে কথা দিয়েছে। নির্বাচন হওয়ার পথে কিছু আইনি জটিলতা ছিল। তাও এখন আর নেই।" বান কি মুন সবার অংশগ্রহণে শান্তিপুর্ণ, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চান বলে জানান আশরাফ। জরুরি অবস্থা প্রসঙ্গে তিনি বলেন, "আমরা তাকে (বান কি মুন) বলেছি, জরুরি অবস্থায় মৌলিক অধিকার থাকে না। জরুরি অবস্থার অজুহাতে কেউ নির্বাচনে অংশ না নিয়ে পুরো প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করতে পারে। তিনিও আমাদের সঙ্গে একমত হয়েছেন। এ বিষয়ে তিনি সরকারের সঙ্গে কথা বলেছেন বলে জানিয়েছেন।" শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো প্রত্যাহার এবং তিনি যাতে নির্বাচনে অংশ নিতে পারে- তা নিশ্চিত করতে আওয়ামী লীগ জাতিসংঘ মহাসচিবের প্রতি আহ্বান জানিয়েছে বলেও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জানান। আশরাফ বলেন, "জাতিসংঘ বিভিন্ন দেশে যুদ্ধাপরাধীদের বিচার করে থাকে। আমরা তার কাছে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিও করেছি।" নির্বাচন নিয়ে এখনো সংশয় আছে কি না জানতে চাইলে আশরাফুল বলেন, "তফসিল ঘোষণার পর রাজনীতির ওপর থেকে বিধি-নিষেধ তুলে নিলেই নির্বাচনের পরিবেশ সৃষ্টি হবে। "ইনশাল্লাহ নির্বাচনের পরিবেশ সৃষ্টি হবে। ইনশাল্লাহ আমরা নির্বাচনে অংশ নেব। আমরা এখান থেকেই দেশবাসীকে নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নেওয়ার আহবান জানাচ্ছি।" আওয়ামী লীগের প্রতিনিধি দলে অন্যান্যের মধ্যে ছিলেন সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী, আমির হোসেন আমু, আব্দুর রাজ্জাক, তোফায়েল আহমদ, সুরঞ্জিত সেনগুপ্ত, মতিয়া চৌধুরী। বিডিনিউজ টোয়েন্ঠিফোর ডটকম/এসইউএম/জেকে/এসকে/২০৩৩ঘ.