ভোলা, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সব দলের অংশগ্রহণে নির্বাচন অনুষ্ঠানে পরিবেশ সৃষ্টির জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ।
তিনি বলেন, " যে কোন মূল্যে ১৮ ডিসেম্বর সংসদ নির্বাচন করতে হবে। এর কোনো বিকল্প নেই। নির্ধারিত সময়ে নির্বাচন না হলে দেশ গভীর রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটে পড়বে।"
শুক্রবার ভোলার দৌলতখান টাউন হলে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে শেখ হাসিনার মুক্তির বিকল্প নেই উল্লেখ করে তিনি বলেন, "আওয়ামী লীগের পাঁচ বছরের সফল দেশ পরিচালনা মূল্যায়ন করে আগামী নির্বাচনেও জনগণ নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে '৭০ এর মত বিজয়ী করবে।"
যথাসময়ে সংসদ নির্বাচনের স্বার্থে প্রয়োজনে পুরানো সীমানায় নির্বাচন এবং জরুরি অবস্থা প্রত্যাহারসহ উপজেলা নির্বাচন পিছিয়ে দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
নির্বাচন বানচালের ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে তোফায়েল বলেন, "২০০৭ এর ২২ জানুয়ারি নির্বাচন হলে দেশে গৃহযুদ্ধ হতো। যারা সে সময় সন্ত্রাস ও প্রশাসনকে দলীয়করণসহ ভোট কারচুপির সব ব্যবস্থা সম্পন্ন করেছিল তারাই এখন গণতন্ত্রের বুলি আওড়াচ্ছে।"
তিনি বলেন, "জনগণ জোট সরকারের পাঁচ বছরের দুঃশাসন ভোলেনি। তাই নির্বাচন করতে তাদের হয়তো শঙ্কা ও ভয়।"
দৌলতখান উপজেলা সভাপতি নাছির আহম্মেদ এর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা কাদের খান, উপজেলা সাধারণ সম্পাদক মামুন অর রশিদ বাবুল চৌধুরী প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১৫১ ঘ.
bdnews24