২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচন কমিশনের সদস্যদের পদত্যাগ চাইলেন খালেদা

বর্তমান নির্বাচন কমিশন নিরপেক্ষ নয়- এ অভিযোগ তুলে কমিশনের সদস্যদের পদত্যাগ দাবি করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2008, 03:56 PM

Updated : 26 Aug 2022, 02:35 PM

ঢাকা, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বর্তমান নির্বাচন কমিশন নিরপেক্ষ নয়- এ অভিযোগ তুলে কমিশনের সদস্যদের পদত্যাগ দাবি করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। শুক্রবার তিনি বলেছেন, ''এ নির্বাচন কমিশনের কার্যকলাপ নিরপেক্ষ নয়। তারা অতীতে নানা বক্তব্য দিয়ে নিজেরাই বিতর্কিত হয়েছে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে হলে তাদের পদত্যাগ করে নিরপেক্ষ লোকের কাছে ক্ষমতা দেয়া উচিত।" সন্ধ্যায় বিএনপি চেয়ারপার্সনের গুলশানের কার্যালয়ে বিএনপি সমর্থক 'শিক্ষক-কর্মচারী ঐক্যজোট' এর নেতাদের সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা বলেন। আগামী ১৮ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠানের স্বার্থে জরুরি অবস্থা প্রত্যাহার ও উপজেলা নির্বাচন পেছানোসহ চারদলীয় জোটের সাত দফা দাবি মেনে নেওয়ারও আহ্বান জানান খালেদা। বিএনপি চেয়ারপরসন বলেন, "সরকার সংলাপে আমাদের সাতটি দাবির মধ্যে ছয়টি মেনে নিতে সম্মত হলেও এ পর্যন্ত কোনোটিই বাস্তবায়িত হয়নি।" ১৮ ডিসেম্বর নির্বাচন হতেই হবে জানিয়ে দিয়ে তিনি বলেন, "এর আগে আমাদের দাবিগুলোর কার্যকর বাস্তবায়ন চাই।" চারদলীয় জোটের পক্ষে জনমত গড়ে তোলার আহ্বান জানিয়ে শিক্ষক কর্মচারী নেতাদের উদ্দেশে এই সাবেক প্রধানমন্ত্রী বলেন, "শিক্ষকদের জন্য আমরা সব সময় কাজ করেছি। আগামী নির্বাচনী ইশতেহারেও এ ব্যাপারে যুগোপযোগী অঙ্গীকার থাকবে।" বর্তমান সরকারের সমালোচনা করে খালেদা বলেন, "আমি যখন কারাগারে ছিলাম তখনই বলেছি, এ সরকার দেশকে ২০ বছর পিছিয়ে দিয়েছে। দেশের অর্থনীতি পঙ্গু করে ফেলেছে।" দ্রুত নির্বাচন দিয়ে নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরই এ সরকারের একমাত্র দায়িত্ব বলেও মন্তব্য করেন তিনি। বর্তমান প্রশাসানের গুরুত্বপূর্ণ পদগুলোতে একটি রাজনৈতিক দলের পছন্দসই কর্মকর্তা কর্মচারীরা নিয়োগ পাচ্ছে- অভিযোগ করে খালেদা বলেন, "তারা যদি নিজেদের নির্দলীয় সরকার মনে করে থাকে, তাহলে কেন একটি দলের পছন্দসই লোকদের প্রশাসনে বসানো হচ্ছে?" জরুরি অবস্থা প্রত্যাহারের দাবি জানিয়ে তিনি বলেন, "এ অবস্থার মধ্যে নির্বাচন সুষ্ঠু হতে পারে না। নির্বাচন নিয়ে এদেশের জনগণ কোনো ষড়যন্ত্র মেনে নেব না।" শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের সভাপতি সেলিম ভূঁইয়ার নেতৃত্বে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, বরিশাল, সিলেট ও খুলনা বিভাগের শতাধিক নেতাকর্মী এদিন খালেদা জিয়ার সঙ্গে বৈঠকে অংশ নেন। অন্যান্যের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আর এ গণি, সহ সভাপতি অধ্যাপিকা সারোয়ারি রহমান, সাবেক মন্ত্রী আবদুল মঈন খান, শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের নেতা এম এ সাত্তার, শহীদুল ইসলাম, কাঞ্চন সেন, নুরুল বাশার, ফারুক তালুকদার, মাহবুবুর রহমান মোল্লা অনুষ্ঠানে বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/ডিডি/জেকে/জিএনএ/২১৫০ ঘ.