ঢাকা, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চারদলীয় জোট আসন্ন ১৮ ডিসেম্বরের নির্বাচন বানচাল করতে চায় বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য আমির হোসেন আমু।
তিনি বলেন, "চারদলীয় জোট নতুন করে ষড়যন্ত্রের মাধ্যমে ১৮ ডিসেম্বরের নির্বাচন বানচাল করতে চায়। কয়টি দল নির্বাচনে অংশ নিলো তা বড় কথা নয়। কতজন ভোটার হাজির হলো আর ভোট কতো পড়লো তার ওপর ভোটের বিচার করতে হবে।"
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুক্রবার বিকেলে দলের কেন্দ্রীয় কার্যালয়ের শহীদ কর্নেল তাহের মিলনায়তনে এক আলোচনা সভায় আমু একথা বলেন।
নির্বাচন কমিশনের উদ্দেশে আমু বলেন, "নিবন্ধনহীন কোনো রাজনৈতিক দলকে নির্বাচনে অংশ নিতে নেওয়া যাবে না। অবিলম্বে তফসিল ঘোষণা করে নির্বাচন অনুষ্ঠান নিশ্চিত করতে হবে।"
জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেন, "নির্বাচনে পরাজয় নিশ্চিত জেনেই সরকার ও প্রসাশনের একাংশের সঙ্গে হাত মিলিয়ে বিএনপি-জামাত জোট নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে।"
নির্বাচন হলেই দেশের সব সমস্যা সমাধান হয়ে যাবে না। তবে ক্ষমতাসীনদের ক্ষমতায় থাকার মেয়াদ দীর্ঘায়িত হলে দেশের সঙ্কট আরো বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/টিএইচ/জিএনএ/২০০৬ ঘ.
bdnews24