ঢাকা, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- '৭০ সালের মতো নির্বাচন করতে চাই- প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ড. এ টি এম শামসুল হুদার এই বক্তব্যকে অনভিপ্রেত ও অনাকাক্সিক্ষত বলে অভিহিত করেছেন বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন।
শুক্রবার এক বিবৃতিতে তিনি বলেন,'' ১৯৭০ সালে মতো নির্বাচন করতে চাই বলে সিইসি একটি বিশেষ রাজনৈতিক দলকে ডিঙিয়ে দেওয়ার গোপন পরিকল্পনার কথাই প্রকারান্তে প্রকাশ করেছেন কিনা এটা জাতির কাছে বড় প্রশ্ন।''
বিবৃতিতে দেলোয়ার সিইসি'র বক্তব্যে নিন্দা ও প্রতিবাদ জানান।
তিনি বলেন,'' সিইসিসহ কমিশনের কথা-বার্তায় নিজেদের আসল চেহারাটা নিজেরাই তুলে ধরেছেন এবং ক্রমশই তারা জনগনের আস্থা হারিয়ে ফেলছেন। সিইসি ও তার সহকর্মীরা যদি কথায় আচরণে পক্ষপাতিত্বে প্রকাশ করতেই থাকেন, তাহলে দেশবাসীর মনে আগামী নির্বাচন নিয়ে সংশয় আরও ঘনীভূত হবে।''
অতীতে কখনোই সুষ্ঠু নির্বাচন হয়নি বলে সিইসি'র বক্তব্যকে মিথ্যাচার বলেছেন তিনি।
দেলোয়ার বলেন, ''অতীতের সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনকে বির্তকিত করার জন্য সিইসির এ ঢালাও কথা আগামী নির্বাচন নিয়ে জনমনে ধূম্রজাল সৃষ্টি করেছে। অতীতের নির্বাচন সুষ্ঠু না হলে তার সঠিক তথ্য প্রকাশ করতে হবে। নইলে দেশবাসী তার এ বক্তব্যকে বির্তকের সৃষ্টি করেছে।''
মঙ্গলবার জেলা প্রশাসকদের প্রশিক্ষণ কোর্সের সমাপনী বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার শামসুল হুদা ' ৭০ সালের মতো নির্বাচন করার আশা প্রকাশ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জিএনএ/১৯৫২ ঘ.
bdnews24