২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভিআইপি বন্দিরা যেভাবে হাসপাতালে যান

বিভিন্ন দুর্নীতি মামলায় গ্রেপ্তার হওয়া রাজনীতিবিদরা কীভাবে ঘনঘন অসুস্থ হয়ে হাসপাতালে যান তার একটি নমুনা হাতে পেয়েছে কারা কর্তৃপক্ষ। ঢাকা কেন্দ্রীয় কারাগার কর্র্তৃপক্ষ বুধবার বরিশালের সাবেক মেয়র ও বিএনপি নেতা মজিবর রহমান সারোয়ারের পকেট থেকে একটি চিঠি উদ্ধার করেছে, যাতে অসুস্থতার ভান করে কীভাবে কারাগার থেকে হাসপাতালে যেতে হবে তার বিস্তারিত নির্দেশনা লেখা ছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2008, 04:59 PM

Updated : 26 Aug 2022, 02:35 PM

ঢাকা, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিভিন্ন দুর্নীতি মামলায় গ্রেপ্তার হওয়া রাজনীতিবিদরা কীভাবে ঘনঘন অসুস্থ হয়ে হাসপাতালে যান তার একটি নমুনা হাতে পেয়েছে কারা কর্তৃপক্ষ। ঢাকা কেন্দ্রীয় কারাগার কর্র্তৃপক্ষ বুধবার বরিশালের সাবেক মেয়র ও বিএনপি নেতা মজিবর রহমান সারোয়ারের পকেট থেকে একটি চিঠি উদ্ধার করেছে, যাতে অসুস্থতার ভান করে কীভাবে কারাগার থেকে হাসপাতালে যেতে হবে তার বিস্তারিত নির্দেশনা লেখা ছিল। বিষয়টি ফাঁস হয়ে যাওয়ায় ভেস্তে গেছে সারোয়ারের হাসপাতালে যাওয়ার পরিকল্পনা। কারাগারের মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল জাকির হাসান বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সারোয়ারের স্ত্রী ও বোন বুধবার বিকেলে দেখা করতে কারা ফটকে আসেন। সাক্ষাতের সময় তাদের আচরণে সন্দেহ হওয়ায় সাক্ষাত শেষে তিন জনকেই তল্লাশি করা হয়। ওই সময় সারোয়ারের কাছে এই চিঠি এবং তার স্ত্রীর কাছ থেকে একটি মোবাইল ফোন পাওয়া যায়।" চিঠিতে লেখা রয়েছে, 'জেল কর্তৃপক্ষ আপনাকে ঢাকা মেডিকেল অথবা সোহরাওয়ার্দীতে পাঠাতে চাইবে। কোনওক্রমেই ওখানে যাওয়া যাইবে না। শুধুমাত্র পিজিতে আসতে হবে।' 'আপনাকে দিনে ৫-৬ বার বুকে ব্যাথা, শ্বাসকষ্ট হয় মর্মে জেল ডাক্তার কল দিতে হবে। বাথরুমে যাওয়ার সময় অন্য লোকের সাহায্য নিতে হবে। ২/১ বার পা ফস্কে পড়তে হবে।' 'আপনার দুদক মামলা চেম্বার জজে বহাল আছে (স্টে এন্ড বেইল)। ফুলবেঞ্চে ফিক্স আগামী ২/১১/২০০৮।' জাকির হাসান জানান, চিঠির শুরুতে কাউকে সম্বোধন করা হয়নি। শেষেও কারও স্বাক্ষর বা নাম নেই। মহাপরিদর্শকের ধারণা, এই চিঠি সারোয়ারের আইনজীবীরই লেখা। তিনি বলেন, "কারাগারের ভেতরে ঢুকতে হলে প্রথমেই মোবাইল ফোন জমা দেওয়ার কথা। অথচ সারোয়ারের স্ত্রী নাসিমা সারোয়ার ফোন নিয়েই ভেতরে গিয়েছিলেন।" বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র সারোয়ারকে ২০০৭ সালের ২৮ মে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়। গত মঙ্গলবার তাকে মানিকগঞ্জ কারাগার থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আনা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জিএমএ/জেকে/এসকে/২২৫৩ঘ.