চট্টগ্রাম, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আটক জামায়াতের সাবেক সাংসদ শাহজাহান চৌধুরীকে বৃহস্পতিবার সকালে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুকে ব্যথা অনুভব হওয়ায় সকাল ১০টায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের হৃদরোগ বিভাগে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার আতাউর রহমান।
তিনি বলেন, "কারাগারে আটক শাহজাহান চৌধুরী বুধবার রাতে বুকে ব্যথা অনুভব করেন। কারা চিকিৎসকরা বৃহস্পতিবার সকালে তাকে পর্যবেক্ষণের পর উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়।"
শাহজাহান চৌধুরী বুকের ব্যথা ছাড়াও কানের সমস্যায় ভুগছেন।
চট্টগ্রামের সাতকানিয়া থেকে নির্বাচিত জামায়াতের সাবেক এ সাংসদকে কারাবন্দী অবস্থায় এর আগেও একবার অসুস্থতার জন্য চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
তিনি গাড়ি সংক্রান্ত একটি দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/এসএনডি/এসকে/২১১৩ঘ.
bdnews24