ঢাকা, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামায়াতে ইসলামীকে নিবন্ধন দেওয়ার ব্যাপারে আপত্তির শুনানি গ্রহণের উদ্যোগকে দলটির সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ 'বাল্যখিল্যসুলভ ও অগণতান্ত্রিক' আখ্যা দিয়েছেন।
বৃহস্পতিবার বিকালে মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনারসহ নির্বাচন কমিশনের (ইসি) বিরুদ্ধে পক্ষপাতিত্বেরও অভিযোগ এনেছেন এই জামায়াত নেতা।
মুজাহিদ বলেন, "তাদের (ইসি) ভূমিকাই প্রমাণ করছে যে, তারা নিরপেক্ষ নন। নির্বাচন কমিশন চার দলীয় জোটের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তারা চার দলকে নির্বাচনের বাইরে রেখে আওয়ামী লীগকে ক্ষমতায় বসাতে চায়।"
নির্বাচন কমিশন নিবন্ধন আইন অনুযায়ীই জামায়াতে ইসলামীকে নিবন্ধন দেওয়ার ব্যাপারে আপত্তির শুনানি ডেকেছে।
সংবাদ সম্মেলনে জামায়াতের নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদ নির্বাচন কমিশনের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ তুলে ধরেন। এগুলো হলো- ইসলামী রাজনীতির দলগুলোকে সংলাপে আমন্ত্রণ না জানানো; বিএনপিকে দ্বিখণ্ডিত করা; নিবন্ধনের ক্ষেত্রে ইসলামী দলগুলোর প্রতি বৈরী আচরণ; ১৯৭০ সালের মতো নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদার ইচ্ছা প্রকাশ; ১৯৯১ ও ২০০১ সালের নির্বাচন নিয়ে নেতিবাচক মন্তব্য করা এবং স্বাধীনভাবে দায়িত্ব পালন না করা।
যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত দল জামায়াতকে নিবন্ধন দেওয়ার ক্ষেত্রে আপত্তি ওঠার পর নির্বাচন কমিশন তা শুনানির জন্য গ্রহণ করায় মুজাহিদ বলেন, "সমস্যা জিইয়ে রাখার জন্য এটি কমিশনের একটি কূটকৌশল। আওয়ামী লীগসহ কয়েকটি সহযোগী সংগঠন জামায়াতের বিরুদ্ধে এই আপত্তি তুলেছে। দেশবাসী জানে যে, আওয়ামী লীগ আমাদের প্রতিপক্ষ। অথচ সেই দলটির আপত্তির কারণে শুনানির ব্যবস্থা নেওয়া হয়েছে।"
সংবিধানের ধারা উল্লেখ করে ধর্মাশ্রয়ী এ দলটির সেক্রেটারি জেনারেল বলেন, "সংবিধানের ৮ (১-ক) ধারা অনুযায়ী ধর্মনিরপেক্ষ বা কমিউনিজমে বিশ্বাসী দলগুলোই নিবন্ধন পাওয়ার উপযুক্ত নয়। বরং ধর্ম বিশ্বাসী ইসলামী দলগুলোকে নিবন্ধনে অগ্রাধিকার দেওয়া উচিৎ।"
'৭৫ এর পর সংশোধিত সংবিধানের ওই ধারায় বলা হয়েছে, সরকারের প্রতিটি পদক্ষেপের ভিত্তি হবে সর্বশক্তিমান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস।
সব ধর্মের মানুষের সমান মর্যাদা নিশ্চিত করতে মুক্তিযুদ্ধের আদর্শে অনুপ্রাণিত বাংলাদেশের সংবিধানে ধর্মনিরপেক্ষতার ধারা রাখা হলেও ১৯৭৫ সালের পর সেনাশাসক জিয়াউর রহমান সংবিধানের মৌলচরিত্র বদল করে ইসলামকে রাষ্ট্রীয় পর্যায়ে স্থাপন করেন।
শনিবার অনুষ্ঠেয় 'আপত্তি শুনানিতে' অংশ নেবেন কি না জানতে চাইলে মুজাহিদ বলেন, "আমরা এখনো কমিশনের আনুষ্ঠানিক চিঠি পাইনি। চিঠি পেলে আলোচনা করে সিদ্ধান্ত নেব।"
সময় 'নষ্ট' না করে জামায়াত ও বিএনপিসহ শর্তপূরণকারী দলগুলোকে নিবন্ধন দেওয়ার জন্য কমিশনের প্রতি আহ্বান জানান তিনি।
সংশোধিত গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের বিধান অনুযায়ী রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পাওয়ার জন্য বাংলাদেশ ও মুক্তিযুদ্ধকে স্বীকৃতি দিয়ে দলের গঠনতন্ত্র সংশোধন করে জামায়াতে ইসলামী বাংলাদেশ। এরপর নাম পাল্টে 'বাংলাদেশ জামায়াতে ইসলামী' নামে নিবন্ধনের জন্য গত ২০ অক্টোবর দলটি নির্বাচন কমিশনে আবেদনপত্র জমা দেয়।
গত সোমবার ওয়ার ক্রাইমস ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি, সেক্টর কমান্ডার্স ফোরাম, সম্মিলিত সাংস্কৃতিক জোট ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কমিশনে লিখিত আপত্তি জানায়। এছাড়া জামায়াতকে দাঁড়িপাল্লা প্রতীক দেওয়ার ব্যাপারেও আপত্তি তোলে জাসদ সমর্থিত বাংলাদেশ ছাত্রলীগ।
কমিশন গত মঙ্গলবার জানায়, এসব আপত্তির বিষয়ে দুই পক্ষের শুনানি গ্রহণের পর জামায়াতকে নিবন্ধন দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। বুধবার কমিশন জানায়, শনিবার সকালে এই শুনানি হবে।
বৃহস্পতিবার জামায়াতের সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দলের নায়েবে আমীর মকবুল আহমেদ, সহকারী সেক্রেটারি জেনারেল এম কামারুজ্জামান, এ টি এম আজহারুল ইসলাম, কেন্দ্রীয় নেতা তাসনিম আলম, মহানগর আমীর রফিকুল ইসলাম খান প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/এসকে/
bdnews24