২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাকা চৌধুরীকে বাড়িতে পাওয়া যায়নি: আদালতে পুলিশ

ধানমন্ডি থানা পুলিশ আদালতে জানিয়েছে, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সংসদ বিষয়ক উপদেষ্টা সালাহউদ্দিন কাদের চৌধুরীকে তারা গ্রেপ্তার করতে পারেনি ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2008, 04:16 PM

Updated : 26 Aug 2022, 02:34 PM

ঢাকা, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- ধানমন্ডি থানা পুলিশ আদালতে জানিয়েছে, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সংসদ বিষয়ক উপদেষ্টা সালাহউদ্দিন কাদের চৌধুরীকে তারা গ্রেপ্তার করতে পারেনি । গত ২৬ অক্টোবর আয়কর ফাঁকি মামলায় ঢাকার সিনিয়র স্পেশাল জজ আদালত থেকে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা তামিল সংক্রান্ত প্রতিবেদন বুধবার আদালতে দাখিল করা হয়। প্রতিবেদনে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহসিনুল হক উল্লেখ করেন সালাহউদ্দিন কাদের চৌধুরীকে ধানমন্ডি আবাসিক এলাকার ১০/এ রোডের বাড়িতে পাওয়া না যাওয়ায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। বিচারক মো. আজিজুল হক এই প্রতিবেদন গ্রহণ করে সালাহউদ্দিন কাদের চৌধুরীকে পলাতক দেখিয়ে সরকারি গেজেট প্রজ্ঞাপনের আদেশ দিয়ে আগামি ৪ নভেম্বর মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করেন। গত ২৬ অক্টোবর মামলাটি দায়ের করেছিলেন এনবিআর এবং উপ কর কমিশনার ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুন। মামলায় সালাহউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে ৩ কোটি ৮ লাখ ৪৬ হাজার ৭২২ টাকার সম্পদের হিসাব গোপন ও এর ওপর প্রযোজ্য আয়কর ফাঁকির অভিযোগ আনা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এসকে/২২১০ঘ.