ঢাকা, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের বর্তমান 'দুরবস্থার' জন্য 'লগি-বৈঠার রাজনীতিই' দায়ী বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন।
২০০৬ সালের ২৮ অক্টোবর নয়াপল্টনে ১৪ দলীয় জোট ও জামায়াতে ইসলামীর সংঘর্ষে উভয়পক্ষে ১৩ জন নিহত হয়। ওই ঘটনায় নিহত ৬ জামায়াত কর্মীর স্মরণে 'লগি-বৈঠা সন্ত্রাসীদের বিচার'-এর দাবিতে চার দল মঙ্গলবার বিকালে এ সমাবেশের আয়োজন করে।
বিএনপি মহাসচিব অসুস্থ থাকায় অবশ্য কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনের এ অনুষ্ঠানে সশরীরে উপস্থিত ছিলেন না। মোবাইল ফোনে লাউড স্পিকার দিয়ে তার বক্তব্য শোনানো হয়।
খোন্দকার দেলোয়ার তার ভাষণে তফসিল ঘোষণার আগেই জরুরি অবস্থা প্রত্যাহারের দাবি জানিয়েছেন।
খালেদা জিয়া ও শেখ হাসিনার আসন্ন নির্বাচনে অংশ নিতে কোনও বাধা নেই বলে এক উপদেষ্টার বক্তব্যের জন্য সরকারকে সাধুবাদও জানান তিনি।
গত সোমবার বাণিজ্য উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান নারায়ণগঞ্জের এক অনুষ্ঠানে সাংবাদিকদের কাছে 'দুই নেত্রীর নির্বাচনে অংশ নিতে বাধা নেই' বলে মন্তব্য করেন।
খোন্দকার দেলোয়ার নিহত জোট কর্মীদের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলেন, '' নির্বাচন বানচালের জন্য সেইদিন এরকম তাণ্ডবলীলা চালানো হয়। তারই পথ ধরে দেশে জরুরি অবস্থা জারি হয়েছিল। বর্তমানে দেশের এ দুরবস্থার জন্য লগি-বৈঠার রাজনীতিই দায়ী।''
বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের মেয়াদ শেষের পরপরই রাজপথে শক্তির মহড়া দিতে গিয়ে দলগুলো ওই রক্তক্ষয়ী সংঘাতে জড়িয়ে পড়ে। ২৮ অক্টোবর নিহতদের মধ্যে ছয় জন আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের, এক জন যুব মৈত্রীর এবং ছয় জন জামায়াত-শিবিরের কর্মী।
এর ধারাবাহিকতায় তত্ত্বাবধায়ক সরকারের গঠন ও ভোটার তালিকা নিয়ে সৃষ্ট মতানৈক্য নিরসনে প্রধান দুই দলের ব্যর্থতার পরিপ্রেক্ষিতে রাজনৈতিক সহিংসতা শুরু হলে ২০০৭ এর ১১ জানুয়ারি সেনা সমর্থনে জরুরি অবস্থা জারি ও নতুন একটি তত্তবাবধায়ক সরকার প্রতিষ্ঠিত হয়।
বিএনপি মহাসচিব চার দলের দাবি পূরণ করার জন্য সরকারের প্রতি পুনরায় আহবান জানিয়ে বলেন,'' ১৮ ডিসেম্বরের নির্বাচন হতেই হবে। এজন্য আমাদের দাবি- উপজেলা নির্বাচন পেছানো, নেতাদের মুক্তি ও তাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করে দ্রুত নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে।''
জনগণকে সর্তক থাকার আহবান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, '' চার দলের দাবি পূরণ না করে কোনো পাতানো নির্বাচন করা হলে তাতে আমরা অংশ নেবো না। ওইরকম পাতানো নির্বাচন এদেশের জনগণও গ্রহণ করবে না।''
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ বলেন,'' যারা সেইদিন লগি-বৈঠা দিয়ে মানুষ হত্যা করেছে, তারা গণতন্ত্রবিরোধী, ফ্যাসিবাদী শক্তি। ১৮ ডিসেম্বরের নির্বাচনে ভোটের মাধ্যমেই তাদের পরাজিত করতে হবে।''
জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন জামায়াতের সহকারি সেক্রেটারি জেনারেল এম কামারুজ্জামান, আবদুল কাদের মোল্লা, মহানগর আমীর রফিকুল ইসলাম খান, হামিদুর রহমান আজাদ, জোটভুক্ত দল বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান, মহাসচিব শামীম আল মামুন, মহানগর সভাপতি তৈয়বুর রহমান, কামরুল ইসলাম সজল, ইসলামী ঐক্যজোটের মহাসচিব আবদুল লতিফ নেজামী, মাওলানা মোহাম্মদ শহীদ, খেলাফত মজলিশের যুগ্ম মহাসচিব মাওলানা ইমদাদুল হক আড়াইহাজারী, মওলানা সাখাওয়াত হোসেন, মহিলা দলের শিরিন সুলতানা, ছাত্র দলের সভাপতি আজিজুল বারী হেলাল, ছাত্র শিবিরের সভাপতি জাহিদুর রহমান, ছাত্র শক্তির গোলাম মহিউদ্দিন খান প্রমুখ।
সমাবেশে ২৮ অক্টোবরের পল্টনের সংঘর্ষের ওপর নির্মিত ভিডিও তথ্যচিত্রও দেখানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসকে/১৯২৬ঘ.
bdnews24