২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মনোনয়ন বাছাই পর্যন্ত জরুরি আইনে দণ্ডিতরা নির্বাচনে অযোগ্য: সিইসি

মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের দিন পর্যন্ত জরুরি আইনের আওতায় যারাই দণ্ডিত হবেন, তাদের নির্বাচনে অযোগ্য বিবেচনা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2008, 08:28 AM

Updated : 26 Aug 2022, 02:34 PM

ঢাকা, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের দিন পর্যন্ত জরুরি আইনের আওতায় যারাই দণ্ডিত হবেন, তাদের নির্বাচনে অযোগ্য বিবেচনা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা। সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবসর নেওয়ার তিন বছর পার না হওয়া পর্যন্ত এবং এনজিও'র বেতনভুক্ত প্রধান নির্বাহীরাও নির্বাচনে অযোগ্য বিবেচিত হবেন বলেও তিনি জানান। মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি) মিলনায়তনে রিটার্নিং কর্মকর্তাদের (জেলা প্রশাসক) প্রশিক্ষণ কর্মসূচিতে সিইসি এ কথা জানান। আগামী ১৮ ডিসেম্বর সংসদ নির্বাচনের তারিখ ঠিক হয়েছে। ২ নভেম্বর এর তফসিল ঘোষণা হবে নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে। সিইসি বলেন, "নির্বাচনের তফসিল ঘোষণার পর মনোনয়নপত্র যাছাই-বাছাইয়ের দিন পর্যন্ত জরুরি আইনের আওতায় যারাই সাজাপ্রাপ্ত হবেন, তাদের নির্বাচনে অযোগ্য বিবেচনা করা হবে। সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবসর নেওয়ার তিন বছর অতিক্রান্ত না হওয়া পর্যন্ত এবং এনজিও'র বেতনভুক্ত প্রধান নির্বাহীরাও নির্বাচনে অযোগ্য বিবেচিত হবেন।" প্রার্থীদের মনোনয়নপত্র সঠিকভাবে যাচাই-বাছাই করার নির্দেশ দিয়ে সিইসি জেলা প্রশাসকদের বলেন, "গত তিনটি সংসদ নির্বাচনে জয়ী ও বিজিত প্রার্থীদের তালিকা বাংলাদেশ ব্যাংকে পাঠানো হয়েছে। সম্ভাব্য এসব প্রার্থীদের কেউ ঋণ ও বিলখেলাপি কিনা, তার একটি তালিকা করে রিটার্নিং কর্মকর্তাদের কাছে পাঠানো হবে।" তিনি বলেন, "নির্বাচিত সাংসদদের আমরা 'রোল মডেল' হিসেবে দেখতে চাই। তাই কোনও ঋণখেলাপি, বিলখেলাপি (গ্যাস, বিদ্যুৎ, পানি ও টেলিফোন) এবং দণ্ডিত কাউকে আমরা প্রার্থী হিসেবে দেখতে চাই না।" নির্বাচনী আইন এবার কঠোরভাবে অনুসরণ করা হবে জানিয়ে শামসুল হুদা বলেন, "নির্বাচনের সময় ভোট কেন্দ্রের বাইরে কারও কাছে ব্যালট পেপার পাওয়া গেলে তাকে তিন থেকে ১০ বছর কারাভোগ করতে হবে।" এ প্রসঙ্গে তিনি আরও বলেন, "অতীতে ভোটকেন্দ্রের বাইরে রাস্তা-ঘাটে ব্যালট পেপার পাওয়া গিয়েছিল। নতুন নির্বাচনী আইনে এ প্রবণতা বন্ধে কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে।" রিটার্নিং কর্মকর্তা হিসেবে জেলা প্রশাসকদের যথাযথভাবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে সিইসি বলেন, "আপনাদের নিরপেক্ষভাবে কাজ করতে হবে। অতীতে কারা কী করেছে, তার প্রতিবেদন আমাদের কাছে রয়েছে। দুই-চারজন ব্যক্তির জন্য পুরো প্রশাসনের বদনাম হয়েছে।" শামসুল হুদা বলেন, "বর্তমান নির্বাচন কমিশনের লক্ষ্য হল অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করা এবং আগামী সংসদে সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা করা। আমরা ১৯৭০ সালের মতো একটি নির্বাচন করতে চাই, যে নির্বাচন নিয়ে কোনও প্রশ্ন উঠবে না। এজন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিরপেক্ষ থেকে কাজ করতে হবে।" প্রশিক্ষণ কর্মসূচিতে দুই নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন ও এম সাখাওয়াত হোসেন এবং ইসি সচিব মো. হুমায়ুন কবিরও উপস্থিত ছিলেন। নির্বাচনী আইন বিষয়ে প্রশিক্ষণের শেষ পর্বে মঙ্গলবার ৩২ জন জেলা প্রশাসক অংশ নিচ্ছেন। এর আগে গত শনিবার ৩২ জন্য জেলা প্রশাসক প্রশিক্ষণ নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এফএফ/এমআই/১৪৩০ ঘ.