২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘোষিত সময়ে নির্বাচন না হলে জনগণ সরকারকে ক্ষমা করবে না: সৈয়দ আশরাফ

ঘোষিত সময়ে নির্বাচন না হলে জনগণ সরকারকে ক্ষমা করবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। তিনি বলেন, "প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ দেশ ও বিদেশে সব জায়গায় ঘোষণা দিয়েছেন ১৮ ডিসেম্বর জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। কোন অজুহাতেই নির্বাচন বাতিল করতে দেওয়া হবে না।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2008, 03:50 PM

Updated : 26 Aug 2022, 02:34 PM

মুন্সীগঞ্জ, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘোষিত সময়ে নির্বাচন না হলে জনগণ সরকারকে ক্ষমা করবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। তিনি বলেন, "প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ দেশ ও বিদেশে সব জায়গায় ঘোষণা দিয়েছেন ১৮ ডিসেম্বর জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। কোন অজুহাতেই নির্বাচন বাতিল করতে দেওয়া হবে না।" সোমবার মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় স্থানীয় একটি মিলনায়তনে আওয়ামী লীগ আয়োজিত এক কর্মী সম্মেলনে সৈয়দ আশরাফুল ইসলাম এ কথা বলেন। তিনি বলেন, "আওয়ামী লীগ জাতীয় ও উপজেলা- দুইটি নির্বাচনই যৌক্তিক সময়ের ব্যবধানে করার জন্য সরকারকে অনুরোধ করেছে। সরকার যে সময়ের ব্যবধানে সংসদ ও উপজেলা নির্বাচন করতে চাচ্ছে তাতে দুটি নির্বাচনই বানচাল হয়ে যাবে।" আগামী এক সপ্তাহের মধ্যে সীমানা নির্ধারণ সমস্যার সমাধান করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বলেন, "সীমানা নির্ধারণ না করে যদি তফসিল ঘোষণা করা হলে তা হবে বেআইনি।" এছাড়া জনকষ্ঠ সম্পাদক আতিকুল্লাহ খান মাসুদের মুক্তি দাবি করেন তিনি। শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুকুমার রঞ্জন ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে আরও বক্তব্য রাখেন- আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক নুহ-উল-আলম লেনিন, কেন্দ্রীয় মহিলা লীগের সভাপতি আশরাফুন নেসা মোশাররফ, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ কমিটির সহ-সম্পাদক আখতার হোসেন, স্বাস্থ্য বিষয়ক উপ-কমিটির সহ-সম্পাদক ড. বদিউজ্জামান ডাবলু, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ সম্পাদক গোলাম সারওয়ার কবির এবং কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম সারওয়ার মামুন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/২১৩৯ ঘ.