ঢাকা, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জরুরি বিধির মামলায় দণ্ডপ্রাপ্তদের আপিল চলার সময় নির্বাচনে অংশগ্রহণে অযোগ্যতার বিধানের বৈধতা চ্যালেঞ্জ করে সাবেক যোগাযোগমন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদার করা রিট ফেরত দিয়েছে হাইকোর্ট।
বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী সোমবার রিটটি ফেরত দেন।
এর ওপর শুনানিতে রিটকারী পক্ষে ব্যারিস্টার আবদুর রাজ্জাক বলেন, জরুরি ক্ষমতা বিধিমালার ১১ (৫) বিধিতে বলা হয়েছে, এ বিধিমালার অধীন দায়ের করা কোনো মামলায় কোনো ব্যক্তি দণ্ড পেলে ও ওই দণ্ডের বিরুদ্ধে আপিল দায়ের করা হলে, দণ্ডিত ব্যক্তি জাতীয় সংসদসহ যে কোনো স্থানীয় শাসন সংক্রান্ত প্রতিষ্ঠানের নির্বাচনে অংশগ্রহণে অযোগ্য হবেন।
অথচ সংবিধানের ৬৬ অনুচ্ছেদে জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হবার যোগ্যতা ও অযোগ্যতার বিধান রয়েছে। দণ্ডপ্রাপ্তর আপিল চলাকালে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের অযোগ্যতার জরুরি ক্ষমতা বিধিমালার এ বিধান সংবিধানের বিধানের সঙ্গে সংঘাতপূর্ণ ও বাতিলযোগ্য।
শুনানিতে আদালত বলেন, এ রিটে সাংবিধানিক ব্যাখ্যা জড়িত। এই আদালত রুল জারি করলে শুনানিতে এমিকাস কিউরিদের বক্তব্য শুনতে হবে। তাই রিটটি নিষ্পত্তিতে অনেক সময়ের প্রয়োজন হবে। এ আদালতে অন্য অনেক মামলা বিচারাধীন। তাই রিট আবেদনটি ফেরত দেওয়া হল।
গত ২৬ অক্টোবর ব্যারিস্টার নাজমুল হুদা হাইকোর্টে রিটটি করেছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসএনডি/এসকে/১৯৪৪ঘ.
bdnews24