ঢাকা, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'পল্টন হত্যাকাণ্ডের' প্রতিবাদে আগামী মঙ্গলবার (২৮ অক্টোবর) সারাদেশে সমাবেশ করবে চারদলীয় জোট।
রোববার সন্ধ্যায় চার দলের এক সমাবেশে বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন এ ঘোষণা দেন।
জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এ সমাবেশে দেলোয়ার বলেন, "২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টনে চার দলীয় জোটের কর্মীদের ওপর হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে জোটের পক্ষ থেকে আগামী মঙ্গলবার সারাদেশে সমাবেশ করা হবে।"
জরুরি অবস্থা প্রত্যাহার, উপজেলা নির্বাচন পেছানো, খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার ও 'রাজবন্দিদের' মুক্তি এবং 'হয়রানি' বন্ধ- এ পাঁচ দফা দাবিতে এই সমাবেশ কর্মসূচি পালন করে চার দল।
দেলোয়ার বলেন, ''আমরা নির্বাচনে অংশ নিতে চাই। আমাদের দাবিগুলো বাস্তবায়ন করে নির্বাচনের পরিবেশ তৈরি করুন। নির্বাচনের পথে আর কোনো বাধার (ব্লকেড) সৃষ্টি করবেন না।"
সরকারের উপদেষ্টাদের উদ্দেশ্য করে ক্ষোভের সুরে দেলোয়ার বলেন, ''সংলাপে যেসব বিষয়ে ঐক্যমত্য হয়েছে, আজও তা কার্যকর হওয়ার কোনো লক্ষণ দেখছি না। অথচ ২ নভেম্বর তফসিল ঘোষণার কথা বলছে নির্বাচন কমিশন। আমরা নির্বাচন করতে চাই। সেজন্য আমাদের অবস্থানও পরিষ্কার করেছি। এখনই আমাদের দেওয়া দাবিগুলো পূরণ করে পরিবেশ তৈরির দায়িত্ব সরকারের।''
তিনি বলেন, "চার দল নির্বাচনে যাক, এটা যদি সরকার চেয়ে থাকে, তাহলে দাবি পূরণে তারা কেন বিলম্ব করছে, তা আমাদের বোধগম্য নয়।"
দুই নেত্রী নির্বাচনে অংশ নিতে পারবেন কি না- সরকারকে তা পরিষ্কার করার দাবি জানান দেলোয়ার।
তিনি বলেন, "কেবল আইনি প্রক্রিয়ার কথা বললে চলবে না। আমাদের অবস্থান স্পষ্ট- খালেদা জিয়াকে ছাড়া আমরা নির্বাচনে যাব না। ''
জরুরি অবস্থা প্রসঙ্গে তিনি বলেন, "পূর্ণাঙ্গভাবে জরুরি অবস্থা তুলে নিতে হবে। ধীরে ধীরে প্রত্যাহার করলে আমরা সেই পথে নেই।"
যারা খালেদা জিয়াকে 'মাইনাস করে' নির্বাচন করতে চায়, তারা বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্র বানানোর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে মন্তব্য করেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ।
খোন্দকার দেলোয়ারের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এম কামারুজ্জামান, আবদুল কাদের মোল্লা, এ টি এম আজহারুল ইসলাম, মহানগর আমীর রফিকুল ইসলাম খান, বাংলাদেশ জাতীয় পার্টির মহাসচিব শামীম আল মামুন, মহানগর সভাপতি তৈয়বুর রহমান, ইসলামী ঐক্যজোটের মহাসচিব আবদুল লতিফ নেজামী, খেলাফত মজলিশের যুগ্ম মহাসচিব মওলানা মোহাম্মদ শফিক উল্লাহ, বিএনপির খায়রুল কবীর খোকন বক্তব্য দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসকে/জেকে/২০৫৩ ঘ.
bdnews24