ঢাকা, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগের সঙ্গে সরকারের দ্বিতীয় দফা সংলাপ বৃহম্পতিবার দুপুরে শুরু হয়েছে।
দুপুর আড়াইটার দিকে প্র্র্রধান উপদেষ্টার কার্যালয়ে এ সংলাপ শুরু হয় বলে সেখানকার একজন ঊর্ধ্বতন কর্মকর্তা টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
সংলাপে সরকারের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ। তার সঙ্গে রয়েছেন যোগাযোগ উপদেষ্টা গোলাম কাদের, আইন উপদেষ্টা এ এফ হাসান আরিফ, স্থানীয় সরকার উপদেষ্টা আনোয়ারুল ইকবাল, শিক্ষা ও বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান ও পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমদ চৌধুরী।
আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমানের নেতৃত্বে সভাপতিমন্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী, আমির হোসেন আমু, আব্দুর রাজ্জাক, তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত, মতিয়া চৌধুরী এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম সংলাপে অংশ নিচ্ছেন।
আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম শনিবার সাংবাদিকদের জানিয়েছিলেন, এবারের সংলাপে জরুরি অবস্থা প্রত্যাহার, শেখ হাসিনার স্থায়ী মুক্তি, উপজেলা নির্বাচন পেছানো, গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ, ঘোষিত সময়ে নির্বাচন, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ সৃষ্টিতে করণীয় ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা হবে।
৩ জুলাই আওয়ামী লীগের সঙ্গে সরকারের প্রথম সংলাপ অনুষ্ঠিত হয়। ওই সংলাপে শেখ হাসিনার স্থায়ী মুক্তি, আটক সব নেতার মুক্তি, শেখ হাসিনাসহ দলের সবার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার, মোহাম্মদ নাসিমকে সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানো, আগে জাতীয় নির্বাচন অনুষ্ঠান ও অবিলম্বে জরুরি অবস্থা প্রত্যাহারসহ বেশকিছু দাবি জানিয়েছিল আওয়ামী লীগ।
সরকারের সঙ্গে আওয়ামী লীগের প্রথম সংলাপ হওয়ার আগে দু দফা প্রাক সংলাপ অনুষ্ঠিত হয়। এছাড়া গত ১১ জুন দুপুরে শেখ হাসিনা মুক্তি পাওয়ার পর ওদিন রাতেই চার উপদেষ্টা তার সঙ্গে সাক্ষাত করেন। তাদের সঙ্গে বৈঠক চলাকালেই টেলিফোনে প্রধান উপদেষ্টা হাসিনার সঙ্গে কথা বলেন।
একই স্থানে আজ (বৃহস্পতিবার) সন্ধ্যা সোয়া ছয়টায় বিএনপি'র সঙ্গে সরকারের দ্বিতীয় দফা সংলাপ অনুষ্ঠিত হবে।
সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপ শুরু হয় গত ২২ মে। ইতোমধ্যে আওয়ামী লীগ ও বিএনপিসহ ১৮টি রাজনৈতিক দলের সঙ্গে সরকারের সংলাপ শেষ হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইএইচবি/এডি/জিএনএ/১৪৪০ ঘ.
bdnews24