মঈনুল হক চৌধুরী
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংশোধিত গঠনতন্ত্রের কয়েকটি ধারা সংবিধান পরিপন্থী বলে মনে করছে নির্বাচন কমিশনের 'নিবন্ধন আবেদন যাচাই-বাছাই কমিটি'।
এ বিষয়ে ইসির যুগ্ম সচিব এবং নিবন্ধন আবেদন যাচাই-বাছাই কমিটির প্রধান নূরুল ইসলাম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "জামায়াতের গঠনতন্ত্রের কয়েকটি জায়গায় শব্দগত ও কৌশলগত বিষয় রয়েছে। এগুলোর ব্যাখ্যা তাদের কাছে চাচ্ছি।"
কমিশনের (ইসি) কর্মকর্তারা বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ইসিতে দাখিল করা জামায়াতে ইসলামী খসড়া গঠনতন্ত্রের ধারা-২ (৫), ধারা-৩, ধারা-৫(৩) এবং গঠনতন্ত্রের স্থায়ী কর্মসূচি শিরোনামে ধারা-৬ (৪) দেশের সংবিধানের মূলনীতির পরিপন্থী বলে যাচাই-বাছাই কমিটি উল্লেখ করেছে।
বুধবার জামায়াতের কাছে বিষয়গুলোর ব্যাখ্যা চেয়েছে কমিটি। জামায়াতের আইন বিষয়ক সম্পাদক জসিমউদ্দীন সরকার গঠনতন্ত্রের এসব বিষয় নিয়ে কেন্দ্রীয় কমিটির সঙ্গে আলোচনা করবেন বলে জানিয়েছেন।
ইসি কর্মকর্তারা জানান, জামায়াতের গঠনতন্ত্রের ২(৫) ধারায় কৌশলে দেশের সংবিধান দ্বারা প্রতিষ্ঠিত সংসদের সার্বভৌমত্ব ও আইনসভার কর্তৃত্ব অস্বীকার করা হয়েছে বলে যাচাই-বাছাই কমিটি মনে করছে।
সংশোধিত গঠনতন্ত্রের ২ (৫) ধারায় বলা হয়েছে, '...কাহাকেও স্বয়ংসম্পূর্র্ণ বিধানদাতা ও আইন প্রণেতা মানিয়া লইবে না এবং আল্লাহর আনুগত্য ও তাঁহার দেওয়া আইন পালনের ভিত্তিতে প্রতিষ্ঠিত নয় এমন সকল আনুগত্য মানিয়া লইতে অস্বীকার করিবে। কেননা সমগ্র রাজ্যের নিরঙ্কুশ মালিকানা ও সৃষ্টিলোকের সার্বভৌমত্বের অধিকারী আল্লাহ ব্যতীত অপর কাহারো আসলেই নেই।'
ইসি কর্মকর্তারা জানান, জামায়াতের গঠনতন্ত্রের প্রথম অধ্যায়ের ধারা- ৩ শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠায় রাষ্ট্রের মূল লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। ৫ (৩) ধারা দেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার মূলনীতির পরিপন্থী।
৬ (৪) ধারায় নিয়মতান্ত্রিক পন্থায় সরকার পরিবর্তনের মাধ্যমে পূর্ণাঙ্গ ইসলাম প্রতিষ্ঠার করার ঘোষণা জামায়াত দিয়েছে তাও রাষ্ট্র পরিচালনার মূলনীতি পরিপন্থী বলে যাচাই-বাছাই কমিটি মনে করছে।
জামায়াতের গঠনতন্ত্র সংবিধান পরিপন্থী কিনা- প্রশ্ন করা হলে নিবন্ধন আবেদন যাচাই-বাছাই কমিটির প্রধান নূরুল ইসলাম সরাসরি উত্তর না দিয়ে বলেন, "তাদের গঠনতন্ত্রে ভাষাগত যে সব বিষয় রয়েছে, তার ব্যাখ্যা জানতে দলটির সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।"
তিনি জানান, প্রয়োজনীয় বিষয়ে যথাযথ ব্যাখ্যা পেলে কোনো অসুবিধা নেই; তা না হলে দলটিকে গঠনতন্ত্র সংশোধনেরও উদ্যোগ নিতে হতে পারে।
গত ২০ অক্টোবর নিবন্ধন আবেদন জমাদানকালে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এম কামারুজ্জামান জানান, বাংলাদেশের সংবিধান, স্বাধীনতা সংগ্রাম ও সার্বভৌমত্ব মেনে নিয়ে দলের সংশোধিত গঠনতন্ত্রের খসড়ায় প্রয়োজনীয় প্রস্তাবনা সংযোজন করা হয়েছে। 'বিভ্রান্তি' এড়াতে দলের নাম পাল্টে করা হয়েছে 'বাংলাদেশ জামায়াতে ইসলামী'। এসময় কামারুজ্জামানের অভিযোগ: অনেকে অপপ্রচার চালাচ্ছে যে জামায়াতে ইসলামীর গঠনতন্ত্র সংবিধান বিরোধী। এটা ঠিক নয়। নির্বাচিন কমিশনের আদেশ অনুযায়ী কিছু সংশোধনী আনা হয়েছে।
বাছাই কমিটির একজন সদস্য গঠনতন্ত্রের অসামঞ্জস্যতা নিয়ে ব্যাখ্যা দেওয়ার জন্যে জামায়াতের সঙ্গে যোগাযোগ করে। জামায়াতের কেন্দ্রীয় কমিটির সদস্য ও আইন সম্পাদক অ্যাডভোকেট জসিমউদ্দীন সরকার বুধবার বিকেলেই বাছাই কমিটির প্রধানের সঙ্গে বৈঠক করেন।
গঠনতন্ত্রের কী বিষয়ে আলোচনা হয়েছে তা উল্লেখ না করে তিনি সাংবাদিকদের বলেন, ''কমিটির সঙ্গে কিছু বিষয়ে আলোচনা হয়েছে। কেন্দ্রীয় কমিটির সঙ্গে আলোচনা সাপেক্ষে বৃহস্পতিবার আবারও আসতে পারি। ৩০ অক্টোবর পর্যন্ত ইসির সঙ্গে এসব বিষয়ে আলোচনা চলবে।''
সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, দেশের সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক- এমন দলীয় গঠনতন্ত্র থাকলে নিবন্ধন পাবেন না কোনো দল ।
তবে দলটির আইন সম্পাদক আশা রাখেন, গঠনতন্ত্র নিয়ে কোনো সমস্যা থাকবে না। জামায়াতে ইসলামী নিবন্ধন পাবে।
নিবন্ধনের আবেদন করা ১০৭টি দলের মধ্যে ৩০টি দলের গঠনতন্ত্র যাচাইবাছাই হয়েছে জানিয়ে এনআই খান বলেন, "আশা করছি, ২৮ অক্টোবরের মধ্যেই সবগুলোর যাচাইবাছাই শেষ হবে।" তিনি বলেন, "খুব সতর্কতার সঙ্গে আবেদনগুলো যাচাইবাছাই করা হচ্ছে। নিবন্ধন প্রদানে সামান্যতম ত্র"টি হলেও আইনি জটিলতায় পড়তে হতে পারে। বিষয়টি বিবেচনায় রেখেই কাজ করা হচ্ছে।"
যাচাই-বাছাই কমিটির প্রধান জানান, নিবন্ধিত দলগুলোকে সনদ দেওয়ার পাশাপাশি যারা নিবন্ধন পাবে না, তাদের তা না পাওয়ার কারণও জানানো হবে।
৩০ অক্টোবরের মধ্যে নিবন্ধন সংক্রান্ত কার্যক্রম শেষ করে ২ নভেম্বরের মধ্যে নির্বাচনী তফসিল ঘোষণার কথা রয়েছে ইসির।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/এমএইচবি/১৯৪৫ ঘ.
bdnews24