খুলনা, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - খুলনা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক খান ইবনে জামান হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- নগরীর শেখ পাড়া এলাকায় কিয়ামুদ্দিন শেখের ছেলে মো. শেখ তৈয়েবুর রহমান ইরান (১৮), ফারাজীপাড়ার মিঠু বিশ্বাসের ছেলে অপূর্ব কুমার বিশ্বাস অপু (১৮), শেখপাড়া বাজার এলাকার মো. মুজিবুর রহমানের ছেলে মো. সোহাগ (১৯)।
মঙ্গলবার র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্যা জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
সোমবার বিকেল ৩টায় মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলার চৌরাস্তা এলাকা থেকে শেখ তৈয়েবুর রহমান ইরানকে গ্রেপ্তার করা হয়। ইরানের দেওয়া তথ্যের ভিত্তিতে খুলনা নগরীর ফারাজীপাড়া থেকে গ্রেপ্তার করা হয় অপুরকে। এ দু'জনের স্বীকারোক্তি অনুযায়ী মঙ্গলবার ভোর ৪টায় যশোর সদর উপজেলার পালবাড়ী এলকা থেকে গ্রেপ্তার করা হয় সোহাগকে।
এ ব্যাপারে মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার আবু সায়েম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "হত্যাকাণ্ডে জড়িত যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের সঙ্গে খান ইবনে জামানের অনৈতিক সম্পর্ক ছিল।"
গত ১৩ অক্টোবর রাতে নগরীর খালিশপুর হাউজিং এস্টেটের বাসায় শ্বাসরোধ ও জবাই করে জামানকে হত্যা করা হয়। ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ তাৎক্ষণিকভাবে জামানের বাসার তিন কর্মচারি ফারুক, মকবুল ও তুফানীকে আটক করেছিল।
হত্যাকাণ্ডের সময় খান ইবনে জামান বাসায় একাই ছিলেন। শয়নকক্ষ থেকে তার হাত-পা বাঁধা লাশ উদ্ধার করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/১৯৪২ ঘ.
bdnews24