২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরকাতুল কর্মীদের নতুন দল নিবন্ধন চায় 'আইডিপি' নামে

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ আল ইসলামীর (হুজি) সদস্যদের নিয়ে গড়া নতুন দল ইসলামিক ডেমোক্রেটি পার্টি (আইডিপি) নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য আবেদন করেছে। বিস্তারিত জানাচ্ছেন মঈনুল হক চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2008, 04:22 PM

Updated : 26 Aug 2022, 02:32 PM

মঈনুল হক চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ঢাকা, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ আল ইসলামীর (হুজি) সদস্যদের নিয়ে গড়া নতুন দল ইসলামিক ডেমোক্রেটি পার্টি (আইডিপি) নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য আবেদন করেছে। সংগঠনের নেতাদের দাবি, আফগান ফেরত মুজাহিদ ছাড়াও তাদের ৩০ হাজার নিবন্ধিত সদস্য রয়েছে। দেশের সংবিধান মেনেই এখন তারা কার্যক্রম চালাতে চান। আইডিপি'র আহ্বায়ক মাওলানা শেখ আবদুস সালাম ও উপদেষ্টা কাজী আজিজুল হক সোমবার ইসির কাছে আবেদনপত্র জমা দেন। মাওলানা শেখ আবদুস সালাম সাংবাদিকদের বলেন, "বাংলাদেশের সংবিধান মেনে রাজনীতির করার জন্য হুজি'র সদস্যদের নিয়ে আইডিপি গঠন করেছি। হুজি'র রাজনীতি এদেশের প্রেক্ষাপটে সঠিক ছিল না। এখনো যারা হুজি করছে তাদেরকে বলব- তারা যেন সৎ পথে ফিরে আসে। দেশের জন্য রাজনীতি করে। এখন আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় কাজ করছি।" সংগঠনের উপদেষ্টা আজিজুল হক দাবি করেন, ১৯৯৮ সালেই হুজিকে আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত করা হয়েছে। এরপর হরকাতুল জিহাদ নামে যে সংগঠনকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করা হয় তাদের সঙ্গে আইডিপি'র কোনো সম্পর্ক নেই। তবে আফগান ফেরত অনেক সদস্য নিয়েই এ বছরের মে মাসে নতুন দল হিসাবে আত্মপ্রকাশ করেছে আইডিপি। আইডিপি'র বর্তমান আহ্বায়ক আবদুস সালাম একসময় হুজি'র সদস্য ছিলেন স্বীকার করে জানান, ১৯৯৮ সালের এপ্রিল মাসে হুজি নেতারা মুফতি হান্নানকে বহিষ্কার করেন এবং একই বছরের আগস্ট মাসে সংগঠনের মজলিসে শুরার বৈঠক ডেকে হুজিকে বিলুপ্ত ঘোষণা করা হয়। এরপর 'ইসলামী দাওয়াতি কাফেলা বাংলাদেশ' ও পরে 'তানজিমে তামিরউদ্দিন' নামের সংগঠনের ব্যানারে সাবেক হুজি কর্মীরা কর্মকাণ্ড চালাতে থাকে। এরপর আবারো সংগঠনের নাম পরিবর্তন করে প্রথমে 'ইসলামিক জিহাদ আন্দোলন' ও পরে 'ইসলামী গণআন্দোলন বাংলাদেশ' করা হয়। এতবার সংগঠনের নাম পরিবর্তনের কারণ ব্যাখ্যা করেননি আজিজুল হক। তিনি বলেন, "গণআন্দোলনের আমির ছিলেন মাওলানা শেখ আবদুস সালাম। ২০০৮ সালের ১৮ মে এর নাম পরিবর্তন করে ইসলামিক ডেমোক্রেটিক পার্টি (আইডিপি) রাখা হয়।" আইডিপিতে তিনশতাধিক সাবেক হুজি সদস্য রয়েছে জানিয়ে আজিজুল হক বলেন, "আফগান ফেরত মুজাহিদ ছাড়াও ৩০ হাজার ফরম পূরণ করা সদস্য আছে। এছাড়া দেশের ৫৯ জেলা ও আড়াইশ উপজেলায় আমাদের শাখা কমিটি ও কার্যালয় আছে। গণতান্ত্রিক ইসলামী শাসনব্যবস্থা কায়েম করতে আইডিপি কাজ করছে।" এক প্রশ্নের জবাবে আইডিপি উপদেষ্টার দাবি করেন, দলীয় সদস্যদের টাকায় তাদের সংগঠন পরিচালিত হয়। নিজস্ব ব্যাংক হিসাবে এ মুহূর্তে মাত্র ১২ হাজার ৬০০ জমা টাকা আছে। ১১৬, নয়াপল্টনের জামান ম্যানশনে আইডিপির কেন্দ্রীয় কার্যালয় রয়েছে জানিয়ে তিনি বলেন, "জঙ্গিবাদী রাজনীতি করলে আইডিপি নিবন্ধনের আবেদন করত না।" অন্যদিকে, সংগঠনের আহ্বায়ক মাওলানা শেখ আবদুস সালাম রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে টেলিফোনে বলেন, "১৯৯৮ সালে হুজিকে বিলুপ্ত করার পর এর কর্মীরা বিভিন্ন সংগঠনের নামে কর্মকাণ্ড চালাতে থাকে। তাদের সংগঠিত করেই আইডিপি গঠন করা হয়েছে। আফগানিস্তানে আমরা সশস্ত্র বিপ্লব করলেও এ দেশের বাস্তবতায় সংবিধান মেনে সংগঠন পরিচালনা করতে চাই।" প্রসঙ্গত ২০০৫ সালের ১৭ আগস্ট দেশব্যাপী বোমা হামলার পর ১৭ অক্টোবর সরকার তিনটি জঙ্গি সংগঠনকে নিষিদ্ধ করে। এগুলো হল