ঢাকা, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অনেক টানাপড়েনের পর অবশেষে দেশের অন্যতম শীর্ষ রাজনৈতিক দল বিএনপি নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে (ইসি) আবেদনপত্র জমা দিয়েছে।
সোমবার দুপুর সাড়ে ৩টার দিকে দলটির যুগ্মমহাসচিব নজরুল ইসলাম খান ইসি সচিবালয়ে গিয়ে নিবন্ধনের আবেদনপত্র জমা দেন।
এর একদিন আগেই নিবন্ধনের আবেদনপত্র তোলে বিএনপি। সোমবার ছিল নিবন্ধনের শেষ দিন। নিবন্ধন না করলে নির্বাচনে অংশ নেওয়া যাবে না বলে ইসি জানিয়েছে।
ইসিতে নিবন্ধনের জন্য সংশোধিত গণপ্রতিনিধিত্বের আলোকে বিএনপির গঠনতন্ত্রে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে।
দলীয় চেয়ারপারসনের ক্ষমতা কমানো হয়েছে কিনা- সে বিষয়ে স্পষ্ট কিছু বলেননি নজরুল ইসলামের খান। তবে গঠনতন্ত্রে সহযোগী সংগঠনের উল্লেখ থাকছে না বলে জানান তিনি।
নিবন্ধনের আবেদন জমা দেওয়ার পর বিএনপির যুগ্ম মহাসচিব সাংবাদিকদের বলেন, "আমরা বুঝতে পেরেছিলাম বিএনপির মতো বড় দলকে নির্বাচন থেকে বাইরে রাখার একটি ষড়যন্ত্র চলছে। সে সুযোগ না দিতে আমরা নিবন্ধনের আবেদন করেছি।"
তিনি বলেন, "সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশের সঙ্গে সঙ্গতি রেখে দলের গঠনতন্ত্রে কিছু পরিবর্তনও আনা হয়েছে।"
নিবন্ধনের আগে বিএনপি পুনরায় সরকারের সঙ্গে আরেক দফা সংলাপে বসতে চেয়েছিল। তারা এটাও বলেছিল, সংলাপের আগে নিবন্ধন করবে না।
কিন্তু সরকারের তরফ থেকে সাড়া না মেলায় 'বাধ্য' হয়েই বিএনপি নিবন্ধনের সিদ্ধান্ত নিয়েছে বলে বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন রোববার সাংবাদিকদের বলেন।
এদিনই খালেদা জিয়ার সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির এক সভায় গঠনতন্ত্র সংশোধনের প্রস্তাব অনুমোদন করা হয়।
নতুন গঠনতন্ত্র অনুযায়ী বিএনপিতে ছাত্র-শ্রমিক কোনও অঙ্গ সংগঠন থাকছে না বলে নজরুল ইসলাম সাংবাদিকদের জানান ।
তিনি বলেন, "আমাদের অঙ্গ সংগঠন থাকবে না। তবে সহযোগী সংগঠন থাকলেও দলীয় গঠনতন্ত্রে তার নাম উল্লেখ থাকছে না। আমাদের আদর্শের অনুসারী বিভিন্ন পেশাজীবী সংগঠনগুলো তাদের নিজ নিজ গঠনতন্ত্র অনুযায়ী পরিচালিত হবে।"
দলের বিদেশ শাখার বিষয়ে যুগ্মমহাসচিব বলেন, "প্রবাসে সংগঠন সংশ্লিষ্ট দেশের আইন অনুযায়ী চলবে।"
সংশোধিত গঠনতন্ত্র অনুযায়ী দলের প্রতিটি পর্যায়ে কাউন্সিলের মাধ্যমে নেতৃত্ব নির্বাচনের কথা বলা হয়েছে বলে নজরুল ইসলাম জানান।
দলীয় চেয়ারপারসনের ক্ষমতা কমানো হয়েছে কিনা- সাংবাদিকরা জানতে চাইলে যুগ্মমহাসচিব বলেন, "গণপ্রতিনিধিত্ব আদেশে এ বিষয়ে কিছু বলা হয়নি।"
তবে রোববার স্থায়ী কমিটির বৈঠক শেষে বিএনপির একাধিক নেতা জানান, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে দলের স্থায়ী কমিটির সঙ্গে চেয়ারপারসনের 'শলাপরামর্শ' করে নেওয়ার একটি বিধি গঠনতন্ত্রে যোগ করা হয়েছে।
১৯৭৮ সালে জিয়াউর রহমান ক্ষমতায় থাকার সময় বিএনপি প্রতিষ্ঠা করেন। ১৯৮২ সালে সেনাপ্রধান এইচএম এরশাদ রাষ্ট্র ক্ষমতা দখলের আগ পর্যন্ত দলটি ক্ষমতায় ছিল।
পরে এরশাদের পতনের পর ১৯৯১ সালে নির্বাচনে ক্ষমতায় ফেরে বিএনপি। ১৯৯৬ সালের নির্বাচনের মাধ্যমে গঠিত সংসদে বিরোধী দলের আসনে ছিল দলটি। ২০০১ সালে বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট ক্ষমতায় আসে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/জিএনএ/১৭২৮ ঘ.
bdnews24