ঢাকা, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বাধীনতার ৩৭ বছর পার হলেও জামায়াতে ইসলামীর গঠনতন্ত্রে বাংলাদেশের মুক্তিযুদ্ধের কোনো স্বীকৃতি নেই। নিবন্ধনের জন্য আবেদনপত্র সংগ্রহ করতে রোববার নির্বাচন কমিশন কার্যালয়ে গিয়ে দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অ্যাডভোকেট জসীমউদ্দিন সরকার সাংবাদিকদের বলেছেন, তাদের দলের গঠনতন্ত্রে মুক্তিযুদ্ধের স্বীকৃতি বা বিরোধিতা করে কোনো কথা নেই। এ বিষয়ে কোনো সংশোধনীও আনা হবে না।
দেশের সার্বভৌমত্ব সম্পর্কে জসীমউদ্দিন সরকারের বক্তব্য, "জামায়াতের গঠনতন্ত্রে সার্বভৌমত্ব বিষয়টি 'ডিনাই'ও করা হয়নি। এটি বিশ্বাসের বিষয়। মুসলমান হিসেবে সার্বভৌমত্ব আল্লাহর। রিজিওনাল (আঞ্চলিক) সার্বভৌমত্বও এখানে রয়েছে। এটি কোনো সাংঘর্ষিক বিষয় নয়।"
এর আগে গত বছরের ২৫ অক্টোবর ইসির সঙ্গে সংলাপে অংশ নিয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ বলেছিলেন, দেশে কোনো স্বাধীনতাবিরোধী ও যুদ্ধাপরাধী নেই। তার এ মন্তব্যে সারাদেশে ব্যাপক ক্ষোভ তৈরি হয়।
জসীমউদ্দিন সরকার রোববার অবশ্য বলেছেন, গঠনতন্ত্রে না থাকলেও জামায়াত মুক্তিযুদ্ধকে স্বীকার করে। দলটি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্যে কাজ করছে।
নির্বাচন কমিশনের সঙ্গে তিন দফা সংলাপে দেশের বেশিরভাগ রাজনৈতিক দল যুদ্ধাপরাধ ও দেশের সংবিধানের প্রতি আনুগত্য না থাকার অভিযোগে জামায়াতে ইসলামীকে নিবন্ধন না করার দাবি জানিয়েছে।
নতুন নির্বাচনী আইনে সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক এমন দলীয় গঠনতন্ত্র থাকলে নিবন্ধন না দেওয়ার বিধি রয়েছে।
এর প্রতিবাদ করে জসীমউদ্দিন সরকার বলেন, "কিছু রাজনৈতিক দল জামায়াতের নামে অপপ্রচার চালাচ্ছে। নিবন্ধনের ক্ষেত্রে আমাদের দলের জন্য অন্যতম অন্তরায় হল দলের কমিটিতে ৩৩ শতাংশ নারী প্রতিনিধিত্ব রাখা। তবে এসব বিষয়ে প্রয়োজনীয় সংশোধনী আনা হয়েছে।"
তিনি জোর দিয়ে বলেন, ''মুক্তিযুদ্ধের ওপর গঠনতন্ত্রে কোনো সংশোধনী আনা হচ্ছে না। সেখানে বাংলাদেশের স্বাধীনতার স্বীকৃতি বা মুক্তিযুদ্ধের বিরোধিতা করে কোনো কথা নেই।''
তিনি দাবি করেন, ''জামায়াতের গঠনতন্ত্রে বাংলাদেশের সংবিধান বিরোধী কিছু নেই।"
তবে ধর্মভিত্তিক এই দলটির গঠনতন্ত্র পর্যালোচনা করে দেখা যায়- এর ভূমিকার দ্বিতীয় অনুচ্ছেদে বলা হয়েছে, 'আল্লাহ মানুষকে খিলাফতের দায়িত্ব সহকারে পৃথিবীতে প্রেরণ করেছেন এবং মানবরচিত মতবাদের অনুসরণ ও প্রবর্তন না করে একমাত্র আল্লাহপ্রদত্ত জীবন বিধানের অনুসরণ ও প্রবর্তন করাকেই মানুষের দায়িত্ব ও কর্তব্য নির্ধারণ করে দিয়েছেন।'
অন্যদিকে, সংবিধানের ২৮ অনুচ্ছেদে বলা হয়েছে 'কেবল ধর্ম, গোষ্ঠী, বর্ণ, নারীপুরুষভেদ বা জন্মস্থানের কারণে কোনো নাগরিকের প্রতি রাষ্ট্র বৈষম্য প্রদর্শন করিতে পারিবে না।'
পাশাপাশি গণপ্রতিনিধিত্ব ৯০ ধারায় বলা হয়েছে, রাজনৈতিক দলের গঠনতন্ত্রে ধর্ম, বর্ণ, গোত্র, ভাষা ও লিঙ্গ ভেদে কোনো বৈষম্য থাকতে পারবে না।
একই ধারায় আরো বলা হয়েছে, দলীয় নাম, পতাকা, চিহ্ন বা অন্য কোনো কর্মকাণ্ড দ্বারা এমন কিছু করা যাবে না, যার মাধ্যমে ধর্মীয় বা সামপ্রদায়িক সমপ্রীতি নষ্ট হবার কিংবা দেশকে বিচ্ছিন্নতার দিকে নিয়ে যাবার আশঙ্কা থাকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসএনডি/এমএইচবি/২১৩১ ঘ.
bdnews24