২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুজাহিদকে দুই সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ

বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলায় জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের জামিন আবেদন নাকচ করে তাকে দুই সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2008, 11:51 AM

Updated : 26 Aug 2022, 02:31 PM

ঢাকা, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলায় জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের জামিন আবেদন নাকচ করে তাকে দুই সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এই সময়ের মধ্যে তাকে গ্রেপ্তার বা হয়রানি না করার জন্য আইন-শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে। মুজাহিদের আগাম জামিনের আবেদনের ওপর শুনানি শেষে রোববার বিচারপতি মোহাম্মদ আনোয়ারুল হক ও বিচারপতি ফারাহ মাহবুবের বেঞ্চ এই আদেশ দেয়। আদালতের আদেশে বলা হয়, 'এই মামলায় আলী আহসান মোহাম্মদ মুজাহিদের জামিনের আবেদন হাইকোর্ট ইতোপূর্বে খারিজ করেছে। তার আপিল আবেদনও আপিল বিভাগ খারিজ করে দিয়েছে। গত ৫ অক্টোবর এ মামলায় অভিযোগপত্র দাখিলের পর আলী আহসান মোহাম্মদ মুজাহিদের বিরুদ্ধে ৬ অক্টোবর গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। কিন্তু তিনি আইনের আওতায় আসেননি। নিম্ন আদালত তাকে পলাতক ঘোষণা করেছে।' 'এ অবস্থায় আদালত তাকে জামিন দিতে ইচ্ছুক নয়। তার অবস্থান জামিন আবেদন বিবেচনা করার জন্য উপযুক্ত নয়। তাই তাকে দুই সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের আদেশ দেয়া হচ্ছে। এই সময়ের মধ্যে তাকে গ্রেপ্তার বা হয়রানি না করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেয়া যাচ্ছে।' দুর্নীতি দমন কমিশনের আইনজীবী খুরশিদ আলম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আদালত জামিন আবেদন নাকচ করে দিয়েছে। আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে দুই সপ্তাহের মধ্যে নিম্ন আদলতে আত্মসমর্পণ করতে হবে।" মুজাহিদের আইনজীবী ব্যারিস্টার আবদুর রাজ্জাক বলেন, "আদালত দুই সপ্তাহের মধ্যে আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে আত্মসমর্পণ করতে বলেছে। এই সময়ের মধ্যে তাকে গ্রেপ্তার বা হয়রানি করা যাবে না।" আগাম জামিনের আবেদনের ওপর শুনানির জন্য মুজাহিদ বিকেল তিনটা ২০ মিনিটে আদালতে উপস্থিত হন। এ সময় আদালত এলাকার নিরাপত্তা জোরদার করা হয় এবং প্রতিটি প্রবেশ পথে গাড়িতে তল্লাশি চালায় আইন-শৃঙ্খলা বাহিনী। জামায়াত-শিবিরের বিপুল সংখ্যক নেতা-কর্মীও আদালত এলাকায় জড়ো হয়। গত ২৬ ফেব্র"য়ারি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও তার মন্ত্রিসভার ১০ মন্ত্রীসহ ১৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় এ মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন। মামলার তদন্ত কর্মকর্তা কমিশনের উপপরিচালক আবুুল কাশেম ফকির গত ৫ অক্টোবর ১৬ আসামির বিরুদ্ধে এ মামলায় অভিযোগপত্র দেয়। অভিযোগপত্রে বলা হয়েছে, চীনা প্রতিষ্ঠান কনসোর্টিয়াম অফ চায়না ন্যাশনাল মেশিনারি ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট করপোরেশনের (সিএমসি) সঙ্গে বড় পুকুরিয়া কয়লা খনির উৎপাদন, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণ চুক্তি করায় সরকারের প্রায় ১৫৮ কোটি ৭১ লাখ টাকা ক্ষতি হয়েছে। গত ৬ অক্টোবর আদালত আলী আহসান মোহাম্মদ মুজাহিদসহ মামলার নয় আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/জেকে/এমএইচবি/১৮২৫ ঘ.