চট্টগ্রাম, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির নির্বাহী কমিটির বিশেষ সাধারণ সভায় শনিবার দুই নেতার অনুসারীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।
নগরীর পাঁচলাইশে একটি কমিউনিটি সেন্টারে শনিবার বিকেলে হাটহাজারীর সাবেক সাংসদ ও মহানগর বিএনপির আহ্বায়ক সৈয়দ ওয়াহিদুল আলম এবং বিজিএমইএর সাবেক সভাপতি ও উত্তর জেলা কমিটির সহ-সভাপতি এসএম ফজলুল হকের সমর্থকদের মধ্যে হাতাহাতি ও ধাওয়া- পাল্টা ধাওয়ার এ ঘটনা ঘটে।
তৃণমূল পর্যায়ে উত্তর জেলা বিএনপির সাংগঠনিক পরিস্থিতি যাচাই করতে চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক টিমের উপস্থিতিতে বৈঠকটি অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে হাটহাজারী উপজেলা বিএনপির সভাপতি নূর মোহাম্মদ সৈয়দ বক্তব্যে সাবেক সাংসদ ওয়াহিদুল আলমের প্রশংসা করতে থাকলে ফজলুল হকের সমর্থকরা উত্তেজিত হয়ে ওঠে। তারা সৈয়দ ওয়াহিদকে 'সংস্কারবাদী ও সুবিধাপন্থী' উল্লেখ করে শ্লোগান দেয়।
এসময় সেন্টারের বাইরে দুই নেতার নেতার অনুসারীরা হাতাহাতিতে জড়িয়ে পড়ে। পরে সিনিয়র নেতারা পরিস্থিতি শান্ত করেন। সভায় হাটহাজারী থেকে মনোনয়ন প্রত্যাশী এস এম ফজলুল হকও উপস্থিত ছিলেন।
উত্তর জেলা বিএনপির সভাপতি গোলাম আকবর খোন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান রাবেয়া চৌধুরীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল উপস্থিত ছিলেন। এতে সাবেক মন্ত্রী ও দলের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আব্দুল্লাহ আল নোমান, সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলম, সাবেক সাংসদ জয়নাল আবেদিন ফারুক প্রমুখ বক্তব্য দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এসএনডি/২১১০ ঘ.
bdnews24