২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুজাহিদের বৈঠকে যাওয়ার বিষয় খতিয়ে দেখতে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রধান উপদেষ্টার সঙ্গে পুলিশ এবং আদালতের খাতায় 'পলাতক' হিসেবে চিহ্নিত জামায়াত নেতা আলী আহসান মুহাম্মদ মুজাহিদের বৈঠকের বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হননি স্বরাষ্ট্র উপদেষ্টা এম এ মতিন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2008, 07:15 AM

Updated : 26 Aug 2022, 02:31 PM

ঢাকা, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধান উপদেষ্টার সঙ্গে পুলিশ এবং আদালতের খাতায় 'পলাতক' হিসেবে চিহ্নিত জামায়াত নেতা আলী আহসান মুহাম্মদ মুজাহিদের বৈঠকের বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হননি স্বরাষ্ট্র উপদেষ্টা এম এ মতিন। বুধবার নৌপরিবহন মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বাংলাদেশ শিপিং কর্পোরেশনের 'বোর্ড অব ডিরেক্টরস এর এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এর কোনও ব্যাখ্যা দেননি। বড় পুকুরিয়া মামলার অন্যতম আসামি জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মুজাহিদকে গ্রেপ্তারে ব্যর্থ পুলিশ তাকে পাওয়া যাচ্ছে না বলে জানালেও জামায়াত নেতাকে প্রকাশ্যে দেখা যাচ্ছে। এমনকী মঙ্গলবার তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে দলীয় সংলাপেও অংশ নেন। সংলাপের পর ব্রিফিংয়ে উপস্থিত একাধিক উপদেষ্টা এ বিষয়ে প্রশ্নের জবাব দেওয়া এড়িয়ে যান। 'পলাতক' হিসেবে চিহ্নিত মুজাহিদ কিভাবে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করলেন বুধবার সকালে সাংবাদিকরা তা জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, "এ বিষয়ে এখন আমি মন্তব্য করবনা। কিভাবে এটি সম্ভব হল তা আমাকে খতিয়ে দেখতে হবে।" স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সর্বশেষ সাজাপ্রাপ্তদের নামের তালিকা চাওয়ার কারণ জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, "মূলত দুর্নীতির মামলায় কারা অভিযুক্ত বা সাজা পেয়েছে সে বিষয়ে সর্বশেষ তথ্য জানতেই এটি চাওয়া হয়েছে।" গুরুতর অপরাধ দমন সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির (এনসিসি) এক সভার সিদ্ধান্ত অনুযায়ী এ তালিকা চাওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন। এর সঙ্গে নির্বাচনের কোন সম্পর্ক রয়েছে কিনা বা সাজাপ্রাপ্তদের নির্বাচনের বাইরে রাখতে তালিকা চাওয়া হয়েছে কিনা জানতে চাইলে উপদেষ্টা বলেন, "এর সঙ্গে নির্বাচনের কোন সম্পর্ক নেই। সাজাপ্রাপ্তদের নির্বাচনের বাইরে রাখার সঙ্গে সরকারের কোন সম্পর্ক নেই। এরকম কোন সিদ্ধান্তের প্রয়োজন হলে তা নির্বাচন কমিশনই নেবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এফএফ/এসকে/১৩০৯ঘ.