চট্টগ্রাম, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জরুরি অবস্থা তুলে নেওয়ার আহ্বান জানিয়েছেন সদ্য কারামুক্ত চট্টগ্রামের মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী। তবে তিনি বলেছেন, "জরুরি অবস্থা নয়, মার্শাল ল'র মধ্যে নির্বাচন হলেও আওয়ামী লীগ জয়ী হবে।"
ঢাকা থেকে মঙ্গলবার বিকেলে চট্টগ্রামে ফিরে চশমাহিলে নিজ বাসায় সাংবাদিকদের তিনি বলেন, "সবাই জরুরি অবস্থা প্রত্যাহারে দাবি জানাতে শুরু করেছে। আমি মনে করি, সরকারের শুভবুদ্ধির উদয় হবে এবং মানুষ নির্বাচনে অংশ নেবে।"
বিকেলে বিমানে চট্টগ্রাম শাহ আমানত বিমান বন্দরে পৌঁছান মেয়র মহিউদ্দিন। সেখান থেকে কড়া পুলিশি নিরাপত্তায় নিজ বাসায় পৌঁছার পর দলীয় নেতা-কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
গত ৭ মার্চ গ্রেপ্তার হন চট্টগ্রামের মেয়র। এক বছর সাত মাস আটক থাকার পর নিজ বাসায় ফিরলেন তিনি।
চট্টগ্রাম বন্দর বিক্রির ষড়যন্ত্র করা হচ্ছে- অভিযোগ করে মেয়র মহিউদ্দিন সাংবাদিকদের বলেন, "বন্দর দিয়ে বিদেশি অস্ত্র অহরহ আনা হচ্ছে। এর আগে দশ ট্রাক অস্ত্র আনা হলেও তার কোনো সুরাহা হয়নি। কারা বন্দর ব্যবহার করে অস্ত্র এনেছে তা উন্মোচন করা হয়নি।"
তিনি বলেন, "রাজনীতি করতে এসে অনেক নির্যাতন সহ্য করেছি। এবার কারাগারেও নির্যাতন করা হয়েছে।"
এ বিষয়ে বিস্তারিত কিছু বলতে রাজি হননি তিনি।
মেয়র বলেন, "আমার স্ত্রীকে বলা হয়েছিল বেশ কয়েকটি শর্ত মানলে ছেড়ে দেওয়া হবে। কিন্তু স্ত্রী তাদের বলেছেন, মেয়র মহিউদ্দিন চৌধুরী শর্ত দিয়ে মুক্তি নেবে না। অথচ মৃত্যুশষ্যায় শায়িত কন্যাকে দেখতে যাবার জন্য আমার মুক্তি পাওয়া খুবই জরুরি ছিল।"
তার বিরুদ্ধে করা মামলা প্রসঙ্গে মেয়র বলেন, "দুনীতি করলে অনেক আগে বিত্তশালী হতে পারতাম। বিজয় টিভির জন্য মাত্র এক কোটি ৮০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ আসত না। বিজয় টিভি প্রতিষ্ঠা করা হয়েছিল চট্টগ্রামের সংস্কৃতি ও সাহিত্যকে সারাবিশ্বের কাছে পৌঁছে দেয়ার জন্য। টাকা আত্মসাৎ করেছি এটা কেউ প্রমাণ করতে পারবে না।"
তিনি অভিযোগ করেন, ব্যাংককের হাসপাতালে চিকিৎসাধীন ক্যান্সার আক্রান্ত মেয়ে টুম্পাকে দেখতে যাওয়ার জন্য সরকারের কাছে আবেদন করলেও মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত অনুমতি মেলেনি।
অনুমতি পেলে বুধবার ব্যাংকক যাবেন বলে জানান তিনি।
রাতে মেয়র মহিউদ্দিন ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগ নেতাদের সঙ্গে আলাদা বৈঠক করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এসএনডি/এমএইচবি/২২০৪ ঘ.
bdnews24