ঢাকা, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ অনুযায়ী দল নিবন্ধনের জন্য আওয়ামী লীগ বুধবার নির্বাচন কমিশনের কাছে সংশোধিত খসড়া গঠনতন্ত্রসহ আবেদনপত্র জমা দেবে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান।
মঙ্গলবার সন্ধ্যায় তিনি গুলশানের বাসায় সভাপতিমণ্ডলীর সভা শেষে প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান।
জিল্লুর বলেন, "দল নিবন্ধনের জন্য অনুমোদন পেতে আগামীকাল (বুধবার) আওয়ামী লীগের দপ্তর সম্পাদক, সহ-দপ্তর সম্পাদকসহ একটি প্রতিনিধি দল সংশোধিত খসড়া গঠনতন্ত্রসহ আবেদনপত্র নির্বাচন কমিশনের কাছে জমা দেবে।"
সোমবার কার্যনির্বাহী সংসদে গৃহীত সংশোধিত গঠনতন্ত্র সভাপতিমণ্ডলীর সভায় অনুমোদনদেওয়া হয়েছে বলে তিনি জানান।
প্রেস ব্রিফিংয়ে সাংবাদিককের প্রশ্নের জবাবে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, "নির্বাচন অনুষ্ঠান নিয়ে কোন সংশয় নেই। তাও বলছি ১৮ ডিসেম্বর নির্বাচন হতেই হবে। আমাদের নেত্রী এবং দেশবাসীও বলছেন এই সময়েরই নির্বাচন করতে হবে।"
জরুরি অবস্থায় নির্বাচন হলে যাবেন কি না-- এ প্রশ্নের সরাসরি জবাব না দিয়ে সৈয়দ আশরাফ বলেন, "জরুরি অবস্থা প্রত্যাহার করতে হবে। জাতীয় ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি নির্বাচনের জন্য আমরা জরুরি অবস্থা প্রত্যাহার চাই।"
জাতীয় নির্বাচনের পরপর উপজেলা নির্বাচনের বিরোধিতা করে দলের আরেক সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক বলেন," উপজেলা নির্বাচন পেছাতে হবে।"
আরপিও অনুযায়ী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নির্বাচন কমিশনের প্রার্থিতা বাতিলের ক্ষমতা প্রত্যাহারেরও দাবি জানান তিনি।
ছাত্র সংগঠনসহ অন্যান্য সহযোগী সংগঠন রাখার বিষয়ে আওয়ামী লীগ গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের বিরোধিতা করছে কিনা এমন প্রশ্নের জবাবে সভাপতিমণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ বলেন, "আমরা বিরোধিতা করছি না। আমাদের সহযোগী সংগঠন স্ব স্ব গঠনতন্ত্র অনুযায়ী চলবে।"
এ বিষয়ে শেখ ফজলুল করিম সেলিম বলেন, "সহযোগী সংগঠন পরিচালনায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কোন নিয়ন্ত্রণ থাকবে না।"
দল নিবন্ধনের জন্য গত ৮ অক্টোবর নির্বাচন কমিশন থেকে আবেদনপত্র সংগ্রহ করে আওয়ামী লীগ।
জিল্লুর রহমানের সভাপতিত্বে সভায় সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী, আব্দুর রাজ্জাক, মতিয়া চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
সভাপতিমণ্ডলীর বৈঠকের আগে মহানগর আওয়ামী লীগের নেতারা জিল্লুর রহমানের সঙ্গে বৈঠক করেন। এ বৈঠক শেষে জিল্লুর রহমান সাংবাদিকদের বলেন, "মহানগর আওয়ামী লীগের ওয়ার্ড কমিটির সমস্যা সমাধানের জন্য শেখ হাসিনা যে আটজন কেন্দ্রীয় নেতাকে দায়িত্ব দিয়েছিলেন তাদের আবার সক্রিয় করার সিদ্ধান্ত হয়েছে। যেসব ওয়ার্ডে সমস্যা রয়েছে তা আগামী দশ দিনের মধ্যে সমাধান করতে বলা হয়েছে।"
২০০৫ সালে মহানগর আওয়ামী লীগের অভ্যন্তরীণ বিরোধ নিরসনের জন্য সভাপতিমণ্ডলীর আট সদস্যকে দায়িত্ব দেওয়া হয়েছিল।
সভাপতিমণ্ডলীর সভা শেষে দলের পররাষ্ট্র বিষয়ক উপ-কমিটি ভারপ্রাপ্ত সভাপতির সঙ্গে বৈঠক করেন।
এদিকে দুপুরে ধানমন্ডির আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে সৈয়দ আশরাফুল ইসলাম সাংবাদিকদের বলেন, "শেখ হাসিনার ২৬ অক্টোবর দেশে ফেরার সম্ভাবনা রয়েছে। আমরা তার নিরাপত্তা নিয়ে শঙ্কিত। তিনি দেশে এলে এ ব্যাপারে সরকারকে চিঠি দেব।"
তিনি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকেও নিরাপত্তা দেওয়া উচিত বলে মন্তব্য করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এমএইচবি/২১৫৯ ঘ.
bdnews24