২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিয়ার মৃত্যুবার্ষিকীতে শোক দিবস ও সরকারি ছুটি চায় জামায়াত

সরকারের সঙ্গে সংলাপে জরুরি অবস্থা প্রত্যাহার, রাজনীতিবিদদের মামলা প্রত্যাহার, সকল রাজবন্দীর মুক্তি, ৭ নভেম্বর সরকারি ছুটি ঘোষণা এবং জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী ৩০ মে জাতীয় শোক দিবস ও সরকারি ছুটি ঘোষণাসহ ১০ দফা দাবি জানিয়েছে জামায়াতে ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2008, 03:21 PM

Updated : 26 Aug 2022, 02:30 PM

ঢাকা, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- সরকারের সঙ্গে সংলাপে জরুরি অবস্থা প্রত্যাহার, রাজনীতিবিদদের মামলা প্রত্যাহার, সকল রাজবন্দীর মুক্তি, ৭ নভেম্বর সরকারি ছুটি ঘোষণা এবং জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী ৩০ মে জাতীয় শোক দিবস ও সরকারি ছুটি ঘোষণাসহ ১০ দফা দাবি জানিয়েছে জামায়াতে ইসলাম। মঙ্গলবার বিকেলে প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমেদের নেতৃত্বে সরকারের পাঁচ সদস্যের প্রতিনিধিদল এবং জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর নেতৃত্বে ১১ সদস্যের প্রতিনিধিদলের মধ্যে প্রায় ২ ঘণ্টাব্যাপী সংলাপ হয়। প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত এ সংলাপ শেষে যৌথ প্রেস ব্রিফিংয়ে মতিউর রহমান নিজামী তাদের দাবির কথা জানান। ব্রিফিংয়ে সরকারের পক্ষে কথা বলেন বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান। ৭ নভেম্বর ও ৩০ মে ছুটির বিষয়ে কোনও মন্তব্য করেননি উপদেষ্টা হোসেন জিল্লুর। বঙ্গবন্ধু হত্যার ষড়যন্ত্রে জড়িত বলে সন্দেহভাজনদের নিষ্ক্রিয় করার জন্য ১৯৭৫ সালের ৩ নভেম্বর সেনাবাহিনীতে এক অভ্যুত্থান করেন খালেদ মোশাররফ ও তার সহযোগীরা। তারা জিয়াউর রহমানকে বন্দি করলে অনুগত সৈনিকরা ৭ নভেম্বর এক পাল্টা অভ্যুত্থানে তাকে মুক্ত করে। বিএনপি এ দিনটিকে 'সিপাহী জনতার বিপ্লব ও সংহতি দিবস' হিসেবে পালন করে। ব্রিফিং এ জামায়াত আমির নিজামী বলেন, "সরকারের সঙ্গে খোলামেলা আলোচনা হয়েছে। বেশিরভাগ আলোচনাই ছিল একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন কীভাবে করা যায় সে প্রসঙ্গে।" সংলাপে জামাতের পক্ষ থেকে উপস্থাপিত ১০ দফা প্রস্তাবের লিখিত কপি প্রেস ব্রিফিংয়ে দেওয়া হয়। লিখিত বক্তব্যে জরুরি অবস্থা প্রত্যাহার করার বিষয়ে বলা হয়- "অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে জরুরি অবস্থা প্রত্যাহার করতে হবে। মাথার ওপর জরুরি অবস্থার খড়গ থাকলে নির্বাচনে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হবে না।" এ প্রসঙ্গে যৌথ ব্রিফিংএ বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর বলেন, তারা সংলাপে নির্ভয়ে ভোট দেওয়ার স্বার্থে 'জরুরি আইন বহাল থাকার প্রয়োজনীয়তার' কথা তুলে ধরেছেন। হোসেন জিল্লুর "জরুরি আইনের কারণে রাজনৈতিক কর্মকাণ্ড যাতে বাধাগ্রস্ত না হয় সে বিষয়ে তাদের আশ্বস্ত করেছি।" তিনি জানান, সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, নির্বাচনের সহায়ক পরিবেশ নিশ্চিত করতে সবাইকে এগিয়ে আসতে হবে। প্রয়োজনে এ বিষয়ে আরও আলাপ আলোচনা করা হবে। জামায়াত প্রধানের লিখিত প্রস্তাবে গ্যাটকো, নাইকো, বড় পুকুরিয়া কয়লাখনিসহ 'রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত মামলা' প্রত্যাহার ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে বিনা বিচারে আটক সব রাজবন্দীর অবিলম্বে মুক্তি দাবি করা হয়। সংশোধিত গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ ২০০৮ এর বেশ কিছু ধারার সংশোধনের প্রস্তাব করেছে জামাত। অন্যথায় আগের গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী ৯ম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করার প্রস্তাব করে তারা। নির্বাচনের আগে নিরপেক্ষ প্রশাসন নিশ্চিত করা প্রসঙ্গে জামাত নেতারা অভিযোগ করে বলেন, "চারদলীয় জোট ক্ষমতায় থাকাকালে তারা প্রশাসনকে নিজেদের মতো করে ঢেলে সাজিয়েছিল এ ধরনের একটি অনুমাননির্ভর ধারণা থেকে বর্তমান সরকার আবার প্রশাসনকে ঢেলে সাজিয়েছে।" এতে একটি 'বিশেষ দলের' সমর্থিত লোকেরা নানা সুবিধা লাভ করছে বলে তারা অভিযোগ করেন। এ প্রসঙ্গে 'পুরোপুরি একমত' প্রকাশ করে হোসেন জিল্লুর বলেন, "ইতিমধ্যেই প্রশাসনে পরিবর্তন আনা হয়েছে। তারপরও তাদের যদি সুনির্দিষ্টভাবে কোনও প্রস্তাব থাকে সে বিষয়টিও সরকার বিবেচনা করবে।" সংলাপে জামাতের পক্ষ থেকে জাতীয় সংসদ নির্বাচনের পরে কমপক্ষে একমাস অথবা একটি 'যৌক্তিক' সময়ের ব্যবধানে উপজেলা নির্বাচন প্রস্তাব দেওয়া হয়েছে। হোসেন জিল্লুর বলেন, জামায়াতকে তারা জাতীয় নির্বাচনের পরপর উপজেলা নির্বাচন অনুষ্ঠান করতে প্রশাসনিকভাবে কোনও ধরণের সমস্যা হবে না বলে আশ্বস্ত করেছেন। হোসেন জিল্লুর আরও বলেন, সংলাপে প্রধান উপদেষ্টা সময়মতো নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে জোর দিয়েছেন। তিনি বলেন, সফল রাজনৈতিক উত্তরণ নিশ্চিত করতে সকল রাজনৈতিক দলকে এগিয়ে আসতে হবে। সুনির্দিষ্ট ইস্যুতে প্রয়োজনে আলাপ-আলোচনা অব্যাহত থাকবে। প্রধান উপদেষ্টার নেতৃত্বে সংলাপে সরকারপক্ষে উপস্থিত ছিলেন বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান, আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা এএফ হাসান আরিফ, যোগাযোগ উপদেষ্টা গোলাম কাদের ও স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আনোয়ারুল ইকবাল। জামায়াত আমিরের নেতৃত্বে দলটির পক্ষে উপস্থিত ছিলেন সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ (বড়পুকুরিয়া কয়লাখনি মামলার 'পলাতক' আসামী), নায়েবে আমীর মকবুল আহম্মেদ, সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামান প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইএইচবি/জিএমএ/এসকে/২১১৫ঘ.