ঢাকা, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--ভাসমান বিদ্যুত কেন্দ্র ও নাইকো দুর্নীতি মামলা বাতিলের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দায়ের করা আবেদনের চুড়ান্ত শুনানি আগামী ১৯ অক্টোবর পর্যন্ত পিছিয়ে দিয়েছে হাইকোর্ট।
মঙ্গলবার বিচারপতি শেখ রেজোয়ান আলী ও বিচারপতি মো. রইসউদ্দিনের বেঞ্চ শেখ হাসিনার পক্ষে আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি পিছিয়ে দেন।
শেখ হাসিনার পক্ষে ব্যারিস্টার শফিক আহমেদ আদালতে বলেন, হাইকোর্ট গত ২৭ সেপ্টেম্বর এ মামলা দুটির কার্যক্রম স্থগিতের আদেশ ১৪ অক্টোবর পর্যন্ত বৃদ্ধি করে ওই দিন পর্যন্ত শুনানি মুলতবি করে। হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে সরকারের দায়ের করা দুটি আপিল সুপ্রিম কোর্টে বিচারাধীন। ওই আপিল দুটি বিচারাধীন থাকা অবস্থায় হাইকোর্টে শুনানি হতে পারে না।
সরকার পক্ষে অ্যাটর্নি জেনারেল সালাউদ্দিন আহমেদ শুনানির আবেদন জানিয়ে বলেন, হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিবেচনাধীন থাকলেও হাইকোর্টে শুনানি হতে কোন বাধা নেই।
তিনি শুনানির আবেদন জানিয়ে বলেন, প্রয়োজনে আপিল বিভাগে বিবেচনাধীন আপিল তুলে নেওয়া হবে।
আদালত আগামী রোববার পর্যন্ত শুনানি পিছিয়ে দিয়ে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে সরকারের আপিল নিষ্পত্তির উদ্যোগ নেওয়ার পরামর্শ দেন।
গত ১৩ আগস্ট হাসিনার বিরুদ্ধে দায়ের করা ভাসমান বিদ্যুত কেন্দ্র ও নাইকো দুর্নীতি মামলার নিম্ন আদালতের কার্যক্রম স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ বহাল রাখে সুপ্রিম কোর্ট।
গত ৭ জুলাই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা ভাসমান বিদ্যুত কেন্দ্র ও নাইকো দুর্নীতি মামলার নিম্ন আদালতের কার্যক্রম দুই মাসের জন্য স্থগিত করেছিল হাইকোর্ট।
বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের নামে তিন কোটি টাকা ঘুষ নিয়ে বেসরকারী খাতে তিনটি ভাসমান বিদ্যুত প্রকল্প স্থাপনের কাজে বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) গতবছর ২ সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সাত জনের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলা দায়ের করে।
এদিকে দুদক গত বছরের ৯ ডিসেম্বর তেজগাঁও থানায় শেখ হাসিনাসহ সাত জনের বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলাটি দায়ের করে।
মামলায় ছাতক, কামতা ও ফেনী গ্যাস ক্ষেত্র নাইকোকে অবৈধ পন্থায় বিনা দরপত্রে দেয়ায় রাষ্ট্রের ১৩ হাজার ৬ শ ৩০ কোটি ৫০ লাখ টাকার আর্থিক ক্ষতির অভিযোগ আনা হয়। এ মামলায় পরে শেখ হাসিনাসহ ৯ জনের বিরুদ্ধে অভিযোগ পত্র দেয় দুদক।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ১১ জুন প্যারোলে মুক্তি পেয়ে বিদেশে চিকিৎসাধীন রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/জিএনএ/১৯১৫ ঘ.
bdnews24