ঢাকা, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- জরুরি অবস্থার মধ্যে নির্বাচন যথেষ্ট বিশ্বাসযোগ্যতা পাবে না বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি।
সোমবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
জরুরি অবস্থার মধ্যে নির্বাচন আয়োজনের প্রস্ততি নিয়ে মন্তব্য চাওয়া হলে রাষ্ট্রদূত বলেন, "জরুরি অবস্থার মধ্যে নির্বাচন হলে তা যথেষ্ট বিশ্বাসযোগ্যতা পাবে না। এতে বিভিন্ন সমস্যাও হতে পারে।"
মরিয়ার্টি বলেন, সরকার ও রাজনৈতিক দলগুলোর মধ্যে নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে সংলাপ চলছে। যুক্তরাষ্ট্র আশা করে, এই আলোচনার মধ্য দিয়ে আগামী ১৮ ডিসেম্বর অনুষ্ঠেয় জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে।
সরকার ও রাজনৈতিক দলগুলোর এ সংলাপে 'যুক্তরাষ্ট্র কোনো পক্ষ নয়' বলেও মন্তব্য করেন তিনি।
মরিয়ার্টি জানান, খালেদা জিয়ার সঙ্গে বৈঠকে বাংলাদেশের গণতন্ত্র, নির্বাচন, উন্নয়ন ও সন্ত্রাস নির্মূলের মতো বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে।
সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত পৌনে ৮টা পর্যন্ত এ বৈঠকের পর বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক পররাষ্ট্র সচিব শমসের মবিন চৌধুরী সাংবাদিকদের বলেন, খালেদা জিয়ার সঙ্গে এটি ছিল রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ। তাদের বৈঠকে দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয় ছাড়াও আসন্ন নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে।
শমসের মবিন বলেন, "আগামীকাল (মঙ্গলবার) সরকারের সঙ্গে সংলাপে পাঁচ দফা দাবিসহ যেসব বিষয় বিএনপি প্রতিনিধি দল তুলে ধরবে সেগুলো আমরা রাষ্ট্রদূতকে জানিয়েছি। বিএনপি চেয়ারপার্সন মনে করেন, দেশে একটি সুষ্ঠু নিবাচন অনুষ্ঠানের জন্য অবশ্যই জরুরি অবস্থা প্রত্যাহার প্রয়োজন। উপজেলা নির্বাচন পেছানোর যৌক্তিকতাও তিনি রাষ্ট্রদূতের সামনে তুলে ধরেছেন।"
অন্যান্যের মধ্যে মার্কিন দূতাবাসের পলিটিক্যাল অফিসার ড্যান বিয়ার্স, বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান বৈঠকে উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/এসকে/২১১২ঘ.
bdnews24